সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা কর ।

Table of Contents

ভূমিকা

প্রশাসনের ধারণাটি সুপ্রাচীন। প্রশাসনকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় একটি হল জনপ্রশাসন অপরটি হল বেসরকারি প্রশাসন। সাধারণত যে প্রশাসন জনগণের সেবা করে বা কল্যাণ সাধন করে তাকেই জনপ্রশাসন বলা হয় । অপরদিকে যে প্রশাসন ব্যক্তিগত মালিকানাধীন এবং মুনাফা অর্জনই মূল লক্ষ্য তাকে ব্যক্তিগত প্রশাসন বা বেসরকারি প্রশাসন বলা হয়।সরকারি প্রশাসন বা লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের সম্পর্কের ক্ষেত্র দু’টি বিপরীতমুখী মতবাদ রয়েছে। একটি মতবাদ অনুযায়ী সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসন এক ও অভিন্ন এবং অন্য মতবাদ অনুযায়ী সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য বিদ্যমান ৷

যারা লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনকে এক ও অভিন্ন বলে উল্লেখ করেছেন, তাদের মধ্যে আরউইক (Urwick), হেনরী ফেয়ল (Henri Fayol), মেরী পার্কার ফলেট (Mary Parker Follet) প্রমুখ । পক্ষান্তরে, যারা লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে প্রয়াসী হয়েছেন তাদের মধ্যে পল এইচ অ্যাপলেবি (Paul H. Appleby) ।

সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য:

জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের পার্থক্য নিম্নে আলোচনা করা হলো-

 জনপ্রশাসনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো জনগণের সেবা করা, জনস্বার্থ সংরক্ষণের উপর জোর দেওয়া ও জনকল্যাণসাধন করা। অপরদিকে, বেসরকারী প্রশাসনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো সর্বাধিক পরিমাণ মুনাফা অর্জন করা।

 জনপ্রশাসন বিশেষভাবে আমলাতন্ত্র-নির্ভর হয়, কিন্তু বেসরকারী প্রশাসন হয় বিশেষভাবে ব্যবসায়িক মনোভাবাপন্ন ও প্রধান পরিচালক বা পরিচালকমণ্ডলী নির্ভর।

জনপ্রশাসন হলো রাজনৈতিক প্রকৃতির, কারণ তা রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা নির্দেশিত ও পরিচালিত হয়। অন্যদিকে, বেসরকারী প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা নির্দেশিত ও পরিচালিত হয় না বলে তা প্রকৃতিগতভাবে অরাজনৈতিক।

জনপ্রশাসন যেসব নিয়ম  দ্বারা পরিচালিত হয় সেগুলি হয় সাধারণতঃ দুষ্পরিবর্তনীয় ধরনের। কিন্তু বেসরকারী প্রশাসন পরিচালনার নিয়মাবলী সরকারী প্রশাসনের নিয়মাবলীর তুলনায় অনেক বেশি সুপরিবর্তনীয়।

দুষ্পরিবর্তনীয় ধরনের তথা কঠিন ধরনের নিয়মকানুনের মধ্যে থেকে কাজ করতে হয় বলে জনপ্রশাসন খুব কম পরিমাণ স্বাতন্ত্র্য বা স্বাধীনতা ভোগ করে। অন্যদিকে, সুপরিবর্তনীয় নিয়মকানুনের মধ্যে থেকে কাজ করার দরুন বেসরকারী প্রশাসন অনেক বেশি স্বাতন্ত্র্য বা স্বাধীনতা ভোগ করে।

 জনপ্রশাসনের কাজকর্মের পরিধি বেসরকারী প্রশাসনের কাজকর্মের পরিধি অপেক্ষা বেশ বিস্তৃত, বহুমুখী ও জটিল। কেননা, জনগণকে স্পর্শ করে এমন কোন বিষয়ই জনপ্রশাসনের এলাকার বাইরে নয় এবং এই কারণে জনপ্রশাসনকে লক্ষ্য রাখতে হয় জনগণের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি বিভিন্ন স্বার্থ বা চাহিদার প্রতি। সেই তুলনায় বেসরকারী প্রশাসনের কর্মক্ষেত্রের পরিধি খুবই সীমিত, বিশেষমুখী ও সরল প্রকৃতির।

জনপ্রশাসনকে জনগণের কাছে দায়িত্বশীল থেকে কর্তব্য সম্পাদন করতে হয়। জনপ্রশাসনের ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যম এবং আইনসভার সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু, বেসরকারী প্রশাসনে এরূপ গণদায়িত্বশীলতা নেই।

জনপ্রশাসনের কাজকর্ম বেসরকারী প্রশাসনের কাজকর্মের তুলনায় অনেক বেশি জরুরী এবং আবশ্যক। কেননা, জনপ্রশাসনকে যুক্ত থাকতে হয় প্রতিরক্ষা, শিক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক, বীমা, কৃষি-গবেষণা প্রভৃতির মতো একান্ত আবশ্যক ও জরুরী কাজে। কিন্তু বেসরকারী প্রশাসনের কাজগুলি জনপ্রশাসনের উক্ত কাজগুলির তুলনায় ব্যক্তিদের কাছে একান্ত জরুরী ও আবশ্যকীয় নয়।

জনপ্রশাসনে নিখুঁতভাবে সবার জন্য ‘আইনের সমান প্রয়োগ লক্ষণীয়, কিন্তু বেসরকারী প্রশাসনে ‘আইনের তারতম্যমূলক প্রয়োগ’ লক্ষণীয়।

জনপ্রশাসন নিয়ন্ত্রিত হয় আর্থিক নিয়মকানুনের দ্বারা। কেননা, আইনসভার অনুমোদন ভিন্ন জনপ্রশাসন তথা সরকারের শাসনবিভাগ অর্থসংগ্রহ বা ব্যয় নির্বাহ করতে পারে না। কিন্তু বেসরকারী প্রশাসনের ক্ষেত্রে এরূপ কোন বাধ্যবাধকতা নেই।

জনপ্রশাসনের ক্ষেত্রে দক্ষতার অভাব’ সাধারণভাবে লক্ষণীয়, কিন্তু বেসরকারী প্রশাসনের মূল মন্ত্রই হলো ‘দক্ষতা’।

জনপ্রশাসনের বেশিরভাগ কাজকর্মই হলো একচেটিয়া কর্তৃত্বমূলক। অন্যদিকে বেসরকারী প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ‘প্রতিযোগিতা’ হওয়ায় এখানকার কোন কাজকর্মই একচেটিয়া কর্তৃত্বমূলক নয়; বরং প্রতিযোগিতামূলক ।

জনপ্রশাসনে পরিলক্ষিত হয় কাজের গাফিলতি, বিলম্ব, লাল ফিতের বাঁধন প্রভৃতির মতো কতকগুলি আমলাতান্ত্রিক ত্রুটি-বিচ্যুতি। বেসরকারী প্রশাসন এইসব ত্রুটি-বিচ্যুতি থেকে সাধারণতঃ মুক্ত থাকে।

জনপ্রশাসনের রয়েছে গণচরিত্র (Public nature), যা বেসরকারী প্রশাসনের নেই। কারণ, জনপ্রশাসনকে সর্বদাই জনগণের স্বার্থ, লক্ষ্য ও অনুসন্ধানের সম্মুখীন হতে হলেও এবং তাকে জনগণের দ্বারা গ্রহণযোগ্য হতে হলেও বেসরকারী প্রশাসনকে এসব হতে হয় না।

উপসংহার  

জনপ্রশাসন ও বেসরকারী প্রশাসনের মধ্যে উপরি-উক্ত পার্থক্যগুলি থাকা সত্ত্বেও একথা বলা যেতে পারে যে, বর্তমানে উভয় ধরনের প্রশাসনের মধ্যে পার্থক্যগত সীমারেখা ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে। কেননা, বেসরকারী প্রশাসনের ক্ষেত্রে মুনাফাই বর্তমানে একমাত্র বিবেচ্য বলে গণ্য হতে পারে না। কারণ, তাকে তার স্বার্থবুদ্ধিকে সমাজচেতনার আলোকে উদ্ভাসিত করে নিতে হয় এবং জনসমষ্টির আদর্শ ও আকাঙ্ক্ষার সাথে মিশিয়ে নিয়ে নিয়ন্ত্রিত হতে হয়। উপরন্ত অনেক বিধি নিষেধ নিয়মকানুন এবং রীতিনীতি মেনেও তাকে কাজকর্ম করতে হয়। সুতরাং বলা চলে যে জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যকার পার্থক্য গুণগত নয় কেবলমাত্র পরিমাণগত বা মাত্রাগত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top