Table of Contents
Table of Contents
ভূমিকা
রাজনৈতিক আলোচনার একটি কেন্দ্রীয় ধারণা হলো কর্তৃত্ব (Authority)। সাধারণভাবে বললে, ক্ষমতার বৈধ রূপকেই কর্তৃত্ব বলা হয়। যেকোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা প্রযুক্ত হয় একটি নির্দিষ্ট কর্তৃত্বের দ্বারা। রাজনৈতিক কর্তৃত্ব ব্যতীত রাজনৈতিক ক্ষমতা মূর্ত হয়ে উঠতে পারে না। কর্তৃত্ব বলতে এমন একজন বা কয়েকজন ব্যক্তিকে বোঝায়, যার বা যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এবং অন্যরা সেই সিদ্ধান্ত মেনে নেওয়াকে কর্তব্য বলে মনে করে।রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনে কর্তৃত্ব বলতে মূলত রাজনৈতিক কর্তৃত্বকেই বোঝানো হয়। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের সর্বাপেক্ষা কার্যকর হাতিয়ার হলো কর্তৃত্ব।
রাজনৈতিক কর্তৃত্ব কী? (What is Political Authority?)
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক কর্তৃত্বের ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সেগুলি নিচে আলোচনা করা হলো—
অ্যালান বল (Alan Ball)
অ্যালান বল (Alan Ball)-এর মতে: ‘শাসকের শাস্তিদানের ক্ষমতা নির্বিশেষে তাঁর শাসন করার অধিকারের স্বীকৃতি প্রদানই হলো রাজনৈতিক কর্তৃত্ব’।
রবার্ট ডাল (Robert Dahl)
রবার্ট ডাল (Robert Dahl)-এর মতে: ‘কর্তৃত্ব বলতে বৈধ প্রভাবকে বোঝায়’।
এস. এম. লিপসেট (S. M. Lipset)
এস. এম. লিপসেট (S. M. Lipset)-এর মতে: তিনি তাঁর ‘Political Man’ গ্রন্থে মন্তব্য করেছেন যে, কোনো বিদ্যমান রাজনৈতিক পদ্ধতি ও প্রতিষ্ঠানই কেবল সমকালীন সমাজস্থ মানুষের স্বার্থ সর্বাধিক পরিমাণে রক্ষা করতে সমর্থ—এই বিশ্বাস ও আস্থা গড়ে তোলাকেই বৈধতা বা কর্তৃত্ব বলা হয়।
ম্যাক্স ওয়েবার (Max Weber)
ম্যাক্স ওয়েবার (Max Weber)-এর মতে: জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার কর্তৃত্ব বলতে ‘বৈধ ক্ষমতা’ অর্থাৎ ক্ষমতা ও বৈধতার সমন্বিত রূপকে বোঝাতে চেয়েছেন।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ প্রভৃতির সঙ্গে সাধারণ মানুষের মূল্যবোধের সামঞ্জস্য বিধান যথাযথভাবে সম্পাদিত হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানুষ যখন দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করে, তখন তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলা হয়।
রাজনৈতিক কর্তৃত্বের শ্রেণিবিভাগ (Different Forms of Political Authority)
জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার তাঁর বিখ্যাত ‘The Theory of Social and Economic Organization’ গ্রন্থে কর্তৃত্বকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা—
১. সাবেকি কর্তৃত্ব (Traditional Authority)
২. গণমোহিনী বা সম্মোহনী কর্তৃত্ব (Charismatic Authority)
৩. আইনানুগ আমলাতান্ত্রিক বা যুক্তিসঙ্গত আইনানুগ কর্তৃত্ব (Legal-bureaucratic or Legal-Rational Authority)
১. সাবেকি কর্তৃত্ব (Traditional Authority)
যে কর্তৃত্বের পেছনে ঐতিহ্য এবং বংশানুক্রমিক শাসনের অনুমোদন থাকে, তাকে সাবেকি কর্তৃত্ব বলে। অর্থাৎ দীর্ঘকাল ধরে বংশপরম্পরায় শাসন করার ফলে শাসনের একটি ঐতিহ্য গড়ে ওঠে; এরূপ ঐতিহ্যকে মেনে নিয়ে জনসাধারণ যখন শাসকের প্রতি আনুগত্য প্রদর্শন করে, তখন তাকে সাবেকি কর্তৃত্ব বলে।
এটি রাজনৈতিক কর্তৃত্বের প্রাচীনতম রূপ। এরূপ কর্তৃত্বের পেছনে থাকে সুদীর্ঘকাল ধরে চলে আসা প্রথা, ধর্মীয় বিশ্বাস বা ঐতিহাসিক কারণ। সাবেকি কর্তৃত্বের উৎস কোনো লিখিত আইন বা সংবিধান নয়; এটি শাসকের মর্যাদা ও ঐতিহ্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায় বলেছেন, ‘একজন গোষ্ঠীপতি কর্তৃত্বের আসনে প্রতিষ্ঠিত হন কারণ তা স্মরণাতীত কাল থেকে চলে আসছে এবং এই প্রতিষ্ঠিত ঐতিহ্যের পবিত্রতার প্রতি বিশ্বাস থাকে বলেই সংশ্লিষ্ট সমাজবাসীগণ ওই কর্তৃত্বকে মেনে চলেন।’ উদাহরণস্বরূপ বলা যায়—উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত সম্রাট, রাজা-মহারাজা, বাদশাহ ইত্যাদি।
২. গণমোহিনী বা সম্মোহনী কর্তৃত্ব (Charismatic Authority)
যে কর্তৃত্ব নেতার অসাধারণ ব্যক্তিগত গুণাবলির ভিত্তিতে গড়ে ওঠে, তাকে গণমোহিনী কর্তৃত্ব বলে। এখানে জনগণ আনুগত্য প্রদর্শনের জন্য নেতার ব্যক্তিগত গুণাবলিকে প্রাধান্য দেয়। ম্যাক্স ওয়েবারের মতে, গণমোহিনী কর্তৃত্বই হলো সর্বশ্রেষ্ঠ বৈধ শাসন।
অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনন্য ব্যক্তিগত গুণাবলির জন্য যখন কোনো ব্যক্তিকে নেতার আসনে প্রতিষ্ঠিত করা হয়, তখন এই কর্তৃত্বের উদ্ভব ঘটে। রাজনীতি, ধর্ম, শিল্প, সাহিত্য—সমাজের যেকোনো ক্ষেত্রেই এর উদ্ভব ঘটতে পারে। গণমোহিনী কর্তৃত্বের অধিকারী ব্যক্তি সাধারণভাবে কোনো প্রাতিষ্ঠানিক বা আইনগত পদ অনুসরণ করেন না; তবে কর্তৃত্ব রক্ষা ও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে থাকেন।
উদাহরণ: যিশুখ্রিস্ট, লেনিন, মহাত্মা গান্ধী, সিধু, কানু, বিরসা মুন্ডা, জওহরলাল নেহরু, মাও সে তুং প্রমুখ।
৩. আইনানুগ আমলাতান্ত্রিক বা যুক্তিসঙ্গত আইনানুগ কর্তৃত্ব (Legal-Rational Authority)
যে কর্তৃত্ব যুক্তিসঙ্গত আইন দ্বারা প্রতিষ্ঠিত, তাকে আইনানুগ যুক্তিবাদী কর্তৃত্ব বলে। যুক্তিসঙ্গত আইনানুগ কর্তৃত্ব আমলাতন্ত্রের দ্বারা পরিচালিত হয় বলে একে ‘আইনানুগ আমলাতান্ত্রিক কর্তৃত্ব’-ও বলা হয়।
বর্তমান যুগে প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্র এই কর্তৃত্ব দ্বারা পরিচালিত হয়। আইনের নির্দেশ এবং অনুমোদন অনুযায়ী এখানে কর্তৃত্বের আবির্ভাব ঘটে। জনগণ এই কর্তৃত্বকে স্বাভাবিকভাবে মেনে নেয়, কারণ আইনের প্রতি আনুগত্যই হলো এখানে বৈধতার ভিত্তি। ম্যাক্স ওয়েবারের মতে, আইন নির্দিষ্ট পদ্ধতিতে ক্ষমতা প্রয়োগ করা হলেই সেই ক্ষমতা বৈধ স্বীকৃতি পায়।
মিশ্র কর্তৃত্ব (Mixed Authority)
ম্যাক্স ওয়েবারের মতে, বাস্তবে বিশুদ্ধ রাজনৈতিক কর্তৃত্বের অস্তিত্ব খুব কমই লক্ষ্য করা যায়; বরং তা মিশ্রিত অবস্থায় থাকে। যে কর্তৃত্ব সাবেকি, গণমোহিনী ও যুক্তিসঙ্গত আইনানুগ—এই তিন ধরনের কর্তৃত্বের মিশ্রণে গড়ে ওঠে, তাকে মিশ্র কর্তৃত্ব বলা হয়।
রাজনৈতিক কর্তৃত্বের অন্যান্য শ্রেণিবিভাগ
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক কর্তৃত্বকে আরও দুটি বিশেষ ভাগে ভাগ করেছেন। যথা—
১. আইনসঙ্গত কর্তৃত্ব (De Jure Authority)
আইনসঙ্গতভাবে যিনি বা যাঁরা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হন, তাকে বা তাদের আইনসঙ্গত কর্তৃত্ব বলে। (যেমন—সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি)।
২. বাস্তব কর্তৃত্ব (De Facto Authority)
আইনসঙ্গত বা বাস্তব রাজনৈতিক কর্তৃত্ব যদি জনসাধারণের স্বাভাবিক আনুগত্য ও সমর্থন লাভে সক্ষম হয়, তবে সেই কর্তৃত্বকে বাস্তব কর্তৃত্ব বলা হয়।
উপসংহার
পরিশেষে বলা যে, রাজনৈতিক ক্ষেত্রে এবং বিশেষত আধুনিককালের গণতান্ত্রিক সমাজব্যবস্থার সাংবিধানিকতা ও আইনের অনুশাসন নীতির পরিপ্রেক্ষিতে কর্তৃত্ব হলো অতিমাত্রায় আইনানুগ-যুক্তিবাদী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যেকোনো রাজনৈতিক ক্রিয়াকারীকে তাঁর ক্ষমতার যথার্থতা প্রমাণ করতে হয় তাঁর আইনানুগ পদের পরিপ্রেক্ষিতে। এই কর্তৃত্বের মূল উৎস হলো সংশ্লিষ্ট আইনানুমোদিত পদ। তবে এই কর্তৃত্বকে সুসংহত, সুদৃঢ় ও অব্যাহত রাখার জন্য সম্মোহনী ও সাবেকি কর্তৃত্বমূলক উপাদানের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সামাজিক ক্ষেত্রে, বিশেষত ভারতীয় সমাজব্যবস্থায় সাবেকি ও সম্মোহনী কর্তৃত্বমূলক উপাদানের অবিমিশ্রিত উদাহরণ এখনও পরিলক্ষিত হয়। বর্ণ ও জাতির ভিত্তিতে স্তরবিন্যস্ত ভারতের সমাজজীবনে একজন ব্রাহ্মণ দীন-দরিদ্র হলেও সামাজিক ক্ষেত্রে সাবেকি কর্তৃত্ব ভোগ করেন। আবার, সম্মোহনী কর্তৃত্বের উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ভারতের আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ধর্মগুরুদের কথা বলা যায়।
