Table of Contents
Table of Contents
ভূমিকা (Introduction)
রাজনৈতিক আলোচনার একটি কেন্দ্রীয় ধারণা হলো কর্তৃত্ব। সাধারণভাবে বললে ক্ষমতার বৈধ রূপকেই কর্তৃত্ব বলা হয়। যেকোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা প্রযুক্ত হয় একটি নির্দিষ্ট কর্তৃত্ব দ্বারা। রাজনৈতিক কর্তৃত্ব ব্যতীত রাজনৈতিক ক্ষমতা মূর্ত হয়ে উঠতে পারে না। কর্তৃত্ব বলতে এমন একজন বা কয়েকজন ব্যক্তিকে বোঝায়, যাঁর বা যাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এবং অন্যরা সেই সিদ্ধান্ত মেনে নেওয়াকে কর্তব্য বলে মনে করে।রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনে কর্তৃত্ব বলতে মূলত রাজনৈতিক কর্তৃত্বকেই বোঝানো হয়। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের সর্বাপেক্ষা কার্যকর হাতিয়ার হলো কর্তৃত্ব। এরূপ কর্তৃত্বকে রাজনৈতিক কর্তৃত্ব বলা হয়
রাজনৈতিক কর্তৃত্ব কী? (Political Authority)
ভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কর্তৃত্বের ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিচে তা আলোচনা করা হলো:
অ্যালান বল (Alan Ball)-এর মতে
“শাসকের শাস্তিদানের ক্ষমতা নির্বিশেষে তাঁর শাসন করার অধিকারের স্বীকৃতি প্রদানই হলো রাজনৈতিক কর্তৃত্ব।”
ম্যাক্স ওয়েবার (Max Weber)-এর মতে
জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার কর্তৃত্ব বলতে ‘বৈধ ক্ষমতা’ (Legitimate Power) অর্থাৎ ক্ষমতা ও বৈধতার সমন্বিত রূপকে বোঝাতে চেয়েছেন।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ প্রভৃতির সঙ্গে সাধারণ মানুষের মূল্যবোধের সামঞ্জস্য বিধান যথাযথভাবে সম্পাদিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানুষ যখন দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করে, তখন তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলা হয়।
কর্তৃত্বের প্রধান বৈশিষ্ট্যসমূহ (Features of Authority)
রাজনৈতিক কর্তৃত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো:
১. ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত (Power Relationship)
কর্তৃত্ব ক্ষমতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। সাধারণভাবে ক্ষমতার বৈধ রূপকে কর্তৃত্ব বলা হয়। ক্ষমতা ব্যতীত কর্তৃত্ব অর্জন করা সম্ভব নয়। ক্ষমতার সম্পর্ককে অব্যাহত রাখার জন্য ক্ষমতাকে কর্তৃত্বে রূপান্তরিত করা আবশ্যক। রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।
২. বৈধতা (Legitimacy)
কর্তৃত্বের অপর একটি প্রধান বৈশিষ্ট্য হলো বৈধতা। বৈধতা ব্যতীত রাজনৈতিক কর্তৃত্ব স্থায়ী হতে পারে না। ক্ষমতা ও বৈধতার সমন্বয়ই হলো রাজনৈতিক কর্তৃত্বের মূল উৎস। জনসমর্থনের ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা বৈধ বলে স্বীকৃত হয়। ক্ষমতার বৈধতা ছাড়া রাষ্ট্র ও সরকার স্থায়িত্ব লাভ করতে পারে না।
৩. সীমাবদ্ধ বলপ্রয়োগ (Limited Use of Force)
কর্তৃত্বের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সীমাবদ্ধ বলপ্রয়োগ। কর্তৃপক্ষ কোনো স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বলপ্রয়োগ হতে পারে, কিন্তু নিতান্তই কম পরিমাণে বা ন্যূনতম বলপ্রয়োগ বাঞ্ছনীয়।
৪. ক্রমোচ্চ স্তরবিন্যস্ত (Hierarchy)
কর্তৃত্ব ক্রমোচ্চ স্তরবিন্যস্তভাবে (Hierarchical) সংগঠিত থাকে। প্রতিটি দপ্তর বা বিভাগে কর্তৃপক্ষের নির্দিষ্ট শ্রেণিবিন্যাস থাকে। সাধারণত উচ্চস্তরের কর্তৃপক্ষ বৃহৎ সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ করে থাকে। প্রতিটি কর্তৃপক্ষ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে। সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য কর্তৃত্বকে ক্রমোচ্চ স্তরবিন্যস্তভাবে সাজানো হয়।
৫. দায়িত্ব (Responsibility)
কর্তৃত্ব ও দায়িত্ব পারস্পরিক সম্পর্কযুক্ত। দায়িত্ব ব্যতীত কর্তৃত্ব অর্থহীন। তাই প্রতিটি কর্তৃপক্ষের নিজস্ব কাজের এক্তিয়ার থাকে এবং সেই কাজের জন্য নির্ধারিত কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকেন। দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হলো সিদ্ধান্ত গ্রহণ, নিয়ম প্রয়োগ এবং সম্পদ বরাদ্দ ইত্যাদি।
৬. জবাবদিহিতা (Accountability)
কর্তৃত্বের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জবাবদিহিতা। যে কর্তৃপক্ষকে যে কাজের জন্য দায়িত্বভার প্রদান করা হয়, সেই কাজের বিবরণ সম্পর্কে তাঁকে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় কখনো কখনো জনগণের নিকটও জবাবদিহি করতে হয়। এর ফলে শাসক ও শাসিতের সম্পর্ক সুদৃঢ় হয় এবং জনগণ শাসকের প্রতি আনুগত্যশীল থাকে।
উপসংহার (Conclusion)
পরিশেষে উল্লেখ করা আবশ্যক যে, কর্তৃত্ব হলো প্রশাসন পরিচালনার একটি কেন্দ্রীয় ধারণা। কর্তৃত্বের বিষয়টি কেবলমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বস্তুত সমাজজীবনের সকল ক্ষেত্রেই কর্তৃত্বের প্রয়োগ পরিলক্ষিত হয়। স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কর্তৃত্বের ধারণা সম্পর্কে সম্যকভাবে অবহিত হওয়া আবশ্যক। সামাজিক ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে মৌলিক পার্থক্য বর্তমান। রাজনৈতিক কর্তৃত্ব অপরিহার্যভাবে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত; ক্ষমতা ব্যতিরেকে রাজনৈতিক কর্তৃত্বের প্রয়োগ সম্ভব নয়। কিন্তু সামাজিক ক্ষেত্রে ক্ষমতার সঙ্গে সম্পর্কহীন কর্তৃত্বই স্বাভাবিক বলে প্রতিপন্ন হয়—অর্থাৎ সামাজিক কর্তৃত্ব হলো ক্ষমতাহীন কর্তৃত্ব। উদাহরণ হিসেবে বলা যায় যে, অবাধ্য সন্তানের ওপর পিতার কর্তৃত্ব অনস্বীকার্য, এক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্ন অবান্তর। অপরদিকে, রাষ্ট্রীয় ক্ষমতাহীন রাজনৈতিক কর্তৃত্বের কথা ভাবা যায় না। তাছাড়া সমাজজীবনের সকল ক্ষেত্রেই রাজনৈতিক কর্তৃত্বের প্রয়োগ অল্পবিস্তর পরিলক্ষিত হয়, যা সামাজিক কর্তৃত্বের ক্ষেত্রে খাটে না। সামাজিক কর্তৃত্বের প্রয়োগযোগ্যতার পরিধি অপেক্ষাকৃত সীমাবদ্ধ—পিতা তাঁর সন্তানের ওপর যে কর্তৃত্ব প্রয়োগ করেন, প্রতিবেশীর ওপর তা প্রয়োগ করতে পারেন না।
