আদেশের ঐক্য নীতি (Unity of Command): সংজ্ঞা, গুরুত্ব ও সমালোচনা ।

Table of Contents

ভূমিকা:

 প্রশাসন পরিচালনার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো আদেশের ঐক্য নীতি ।’আদেশের (নির্দেশের) ঐক্য’ হলো প্রশাসনের এমন একটি নীতি যাতে মনে করা হয় যে, প্রশাসনে একাধিক আদেশদাতা বা নির্দেশদাতা থাকলে প্রশাসনে বিভ্রান্তি দেখা দেবে ও প্রশাসনের কাজে বিশৃঙ্খলা পরিলক্ষিত হবে এবং এইজন্য প্রশাসন বা সংগঠনে কর্মচারীরা একজন মাত্র ব্যক্তিরই আদেশ বা নির্দেশ মেনেই তাদের করণীয় কর্তব্য সম্পাদন করবে। অন্যভাবে বলা যায়, কোন প্রশাসন বা সংগঠনের উচ্চপদস্থ একজনের আদেশ বা নির্দেশের অনুবর্তী হয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা সংগঠনের কর্মচারীদের কর্তব্য-সম্পাদনের নীতিকে প্রশাসনিক ক্ষেত্রে ‘আদেশের ঐক্য’ বলে। ফেয়ল এই নীতির একজন অন্যতম মহৎ প্রচারক।

 আদেশের ঐক্যের সংজ্ঞা

বিভিন্ন জনপ্রশাসনবিদ আদেশের ঐক্যের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এগুলি নিম্নে আলোচনা করা হলো-

হেনরি ফেয়ল এর মতে, আদেশের ঐক্য হল, একজন কর্মী শুধু একজন ঊর্ধ্বতন প্রশাসকের কাছ থেকেই আদেশ বা নির্দেশ পাবেন। একজন অধস্থন ব্যক্তির একজনেই উপরওয়ালা থাকবেন। (an employee should receive orders from one superior only)।

Pfiffner & Presthus এর মতে, আদেশের ঐক্যের ধারণার অর্থ হলো যে, সংগঠনের প্রত্যেকটি অধস্তন সদস্যের একজন নেতা, একমাত্র একজনের কাছেই তাকে উপস্থিত হতে হবে (The concept of unity of command requires that every member of an organisation should report to one, and only one, leader)।

জনপ্রশাসন বা কোনো সংগঠনে প্রতিটি অধস্তন কর্মচারী যখন একাধিক কর্তৃপক্ষের পরিবর্তে কেবল একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ বা নির্দেশ লাভ করেন এবং একমাত্র তাঁর কাছেই জবাবদিহি করেন, তখন সেই নীতিকে ‘আদেশের বা নির্দেশের ঐক্য’ (Unity of Command) বলে।

প্রশাসনে ‘আদেশের ঐক্য’ নীতির গুরুত্ব:

প্রশাসনে ‘আদেশের ঐক্য’ নীতির গুরুত্ব অপরিসীম। নীতিটির অপরিসীম গুরুত্ব নিম্নে কয়েকটি দিক থেকে আলোচিত হলো:

প্রখ্যাত জনপ্রশাসনবিজ্ঞানী হেনরি ফেয়ল-এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রশাসনের একটা উল্লেখযোগ্য নীতির মর্যাদা লাভকারী ‘আদেশের ঐক্য’ নীতিটির অনুসরণ প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। কাজেই প্রশাসনের সুষ্ঠু পরিচালনার প্রয়োজনীয়তার দিক থেকে বিচার করলে আদেশের ঐক্য নীতির গুরুত্ব অনস্বীকার্য।

প্রশাসনে একজন কর্মচারীকে একাধিক নির্দেশদাতার অধীনে থেকে একাধিক নির্দেশতার আদেশ বা নির্দেশ মেনে চলতে হলে প্রশাসন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে, কেননা প্রশাসনে এতে দেখা দেবে বিভ্রান্তি ও তজ্জনিত বিশৃঙ্খলা ও নৈরাজ্য। এই অবস্থা থেকে প্রশাসনকে রক্ষা করতে পারে প্রশাসনে ‘আদেশের ঐক্য’ নীতির অনুসরণ অর্থাৎ একজন আদেশদাতার আদেশ বা নির্দেশ অনুসরণ। এদিক থেকে বিচার করলে প্রশাসনে ‘আদেশের ঐক্য’ নীতির-র গুরুত্ব অপরিসীম।

পরস্পরবিরোধী নির্দেশ থেকে কিংবা মতভেদ থেকে জটিলতা থেকে কিংবা অস্পষ্টতা থেকে রক্ষা করে ব্যক্তিকে তথা কোন কর্মচারীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সাহায্য করে প্রশাসনে ‘আদেশের ঐক্য’ নীতি।

প্রশাসনে ‘আদেশের ঐক্য’ নীতির গুরুত্বের আর একটি দিক হলো যে, এই নীতিকে প্রয়োগ করলে প্রশাসনিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বিরোধ বা সংঘাতকে এড়ানো যায়।

সুষ্ঠু নিয়ন্ত্রণ ও উপযুক্ত তদারকি কোন প্রশাসন বা সংগঠনের সাফল্যের জন্য একান্ত জরুরী। কোন প্রশাসনের ‘আদেশের ঐক্য’ নীতির অনুসরণ সংশ্লিষ্ট প্রশাসনের ঐ নিয়ন্ত্রণ ও তদারকির পক্ষে খুবই সহায়ক হওয়ায় ‘আদেশের ঐক্য’ নীতির গুরুত্ব অনুভূত হয়। অন্যভাবে বলা যায়, প্রশাসনে একজন কর্তৃপক্ষের অবস্থিতির ফলে সমগ্র প্রশাসনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা ও প্রশাসনে কর্মরত ব্যক্তিদের উপর তদারকি কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা সহজ হয়।

আদেশের ঐক্য নীতির সমালোচনা

আদেশের ঐক্য নীতি কয়েকজন লেখকের দ্বারা প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছে।

 Seckler Hudson-এর মতে, জটিল সরকারী পরিস্থিতিতে একজন উপরওয়ালার (boss) একজন কর্মী থাকবে, এই পুরানো ধারণা কদাচিৎ দেখা যায়। সুশৃঙ্খল এবং যথাযথ কার্যকরী কর্ম সম্পাদনের জন্য একজন কর্মীকে অনেকের কাছে বিবরণী (reporting) দাখিল করতে হয় এবং অনেকের সঙ্গে একসাথে কাজ করতে হয়। সোজাসুজি রৈখিক আদেশের বাইরেও, এই ধরনের অনেক আন্তঃসম্পর্ক প্রশাসনে দেখা যায়। সরকারী প্রশাসনে অনেক পদস্থ ব্যক্তি থাকেন এবং একজন সাধারণ কর্মীর পক্ষে তাদের অবহেলা করা সম্ভব নয়।

নিম্নপদস্থ প্রশাসকগণ, বর্তমানে অসংখ্য পর্ষদ (Board) এবং কমিশন, উপদেষ্টা পর্যদ এবং মূল ও সহযোগী সংস্থার প্রতিষ্ঠায় এবং তাদের আদেশ নির্দেশ ও সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়বেন। তাঁরা বুঝতে পারবেন না কে তাঁদের উপরওয়ালা, কার উপদেশ তাঁরা মানবেন, এবং কার আদেশ তাঁরা পালন করবেন। সুতরাং আদেশের ঐক্য নীতি ক্রমবর্ধমান প্রশাসনিক জটিলতায় ধীরে ধীরে তার কার্যকারিতা হারিয়ে ফেলছে।

বৈজ্ঞানিক ব্যবস্থাপনাতত্ত্বের জনক, F. W. Taylor, আদেশের ঐক্য নীতির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন “Multiplicity of command” বা ‘বহুমুখী আদেশের’ কথা। তিনি আদেশের ঐক্যের বিকল্প হিসাবে কার্যগত নির্দেশের (functional direction) এবং ৮ জন ফোর ম্যান বা পরিচালকের (supervisor) দ্বারা প্রতিটি কর্মীকে পরিচালনা করার কথা বলেছেন। এই ৮ জন পরিচালক হলেন তাঁর ভাষায়: (i) the gang boss, (ii) the speed boss, (iii) the inspector, (iv) the repair boss, (v) the order of work and route clerk, (vi) the instruction card clerk, (vii) the time and cost clerk, (viii) the shop disciplinarian.

Dimock ও Dimock আদেশের ঐক্য নীতির সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, সংগঠন যদি সংকীর্ণ হয়, তাতে যদি খুব বেশী জটিলতা না থাকে, তাহলে এই নীতির সফল প্রয়োগ সম্ভব হতে পারে। সামরিক বিভাগের সংগঠন, জন-প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক বলে সেখানে এই নীতির প্রয়োগে কোন বাধার সৃষ্টি হয় না। কিন্তু আধুনিক প্রশাসনিক ব্যবস্থা এত জটিল ও বিশাল যে আদেশের ঐক্য নীতিকে পুরোপুরি কার্যকর করা যায় না।

সাম্প্রতিক সাংগঠনিক ধ্যান-ধারণায় কর্মবিভাগ নীতির প্রয়োগ যে কোন বৃহদায়তন প্রতিষ্ঠানের পক্ষে অপরিহার্য হয়ে পড়েছে। প্রশাসন ক্রমশ ছোট ছোট বিভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। দিন দিন শ্রমিক কর্মচারীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে আদেশের ঐক্য নীতির কার্যকারিতা হ্রাস পাচ্ছে।

আধুনিক পরিচালন ব্যবস্থার অন্যতম প্রবণতা হল সমস্ত বিভাগগুলিকে সংহত করে একটি মাত্র পরিচালনা পদ্ধতির অন্তর্ভুক্ত করা। এই ব্যবস্থাকে আদেশের ঐক্যনীতির একটি বিকল্প বলা যায়। সমগ্র সংগঠনকে ছোট ছোট বিভিন্ন ভাগে বিভক্ত না করে বা পৃথক না করে ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ করাই প্রধান উদ্দেশ্য। ডিমকের মতে আদেশের ঐক্যনীতিও খুব একটা কার্যকরী নীতি নয়।

Herbert Simon তাঁর ‘Administrative Behaviour’ গ্রন্থে আদেশের ঐক্যনীতি বা সংযুক্তিকরণ নীতিকে অতিশয়োক্তি বলে বর্ণনা করেছেন। তাঁর মতে প্রশাসনিক দক্ষতা একমাত্র আদেশের ঐক্যনীতির উপর নির্ভর করে একথা বলা বাহুল্য মাত্র। দক্ষতা বৃদ্ধির অনেক উপায় আছে। আদেশের ঐক্য তার একটি মাত্র হতে পারে। এই নীতির প্রকৃত ত্রুটি হল এটি বিশেষীকরণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই দুটি নীতির মধ্যে সংঘর্ষ অনিবার্য। অর্থাৎ এই দুটি নীতি পরস্পর বিরোধী।

বিশেষজ্ঞ ও সাধারণ প্রশাসকের নির্দেশ বা সিদ্ধান্ত একটিমাত্র পথ দিয়ে প্রবাহিত হবে, গুলিকের এই মতের বিরোধিতা করেছেন সিমন। তাঁর মতে গুলিকের এই ধারণা অতিসরলীকরণ দোষে ত্রুটিপূর্ণ। বাস্তবে বিশেষজ্ঞ ও সাধারণ প্রশাসক উভয়েই নিজের নিজের মতে ও সিদ্ধান্তে অনড় থাকেন এবং তাদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি হয়। সিমনের মতে, বিশেষীকরণ ও আদেশের ঐক্যনীতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান অসম্ভব।

পরিশেষে, দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিচালক ও কর্মীর মধ্যে বিদ্যমান সুনির্দিষ্ট বোঝাপড়া এবং উভয়ের মধ্যে পরিলক্ষিত ঘনিষ্ঠ সম্পর্ক-এসবই হলো কোন সংগঠন বা প্রশাসনের দায়িত্বের সুষ্ঠু বিন্যাসের ফল। ‘আদেশের ঐক্য’ নীতিতে এই দায়িত্ব বিন্যাস সুষ্ঠুভাবে হয় বলে কোন সংগঠন বা প্রশাসন এর গুরুত্বকে অস্বীকার করতে পারে না। প্রশাসনে আদেশের ঐক্য নীতির গুরুত্বের উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে হার্বার্ট সাইমন প্রমুখ কয়েকজন প্রশাসনবিজ্ঞানীর সাথে একমত হয়ে একথা বলতে পারি যে, সাধারণভাবে সব সংগঠন বা প্রশাসনেরই ‘আদেশের ঐক্য’ নীতিকে মান্য করার চেষ্টা করা উচিত। তবে এটিকে অপরিবর্তনীয় ও অনমনীয় মনে না করে প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে একে পরিবর্তন করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, কারিগরী-সংক্রান্ত কাজে কারিগরী জ্ঞানের অধিকারী ব্যক্তিকে বাদ দিয়ে এককভাবে কোন একজন সাধারণ প্রশাসনের পক্ষে নির্দেশদানের মাধ্যমে ঐ ধরনের কাজে সম্পূর্ণ সফল হওয়া সম্ভব না এবং অন্য কোন প্রশাসকের এই ধরনের ক্লাজের ক্ষেত্রে ‘দ্বৈত পরিচালনা’ নীতি অনুসৃত হতে পারে। তবে দুটি কর্তৃত্বের মধ্যে কখনো দ্বন্দু দেখা দিলে ‘আদেশের ঐক্য’ নীতি অনুসরণ করাই উচিত বলে মনে করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top