Table of Contents
Table of Contents
ভূমিকা:-
সমাজবিজ্ঞানের শাখা হিসেবে জনপ্রশাসন শাস্ত্রটি অত্যন্ত নবীন । উনবিংশ শতাব্দীর শেষের দিকে জনপ্রশাসনের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি আলোচনা করা হয়েছে । 1887 সালে ‘Political Science Quarterly’ পত্রিকায় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের লেখা ‘The Study of Administration’ শীর্ষক প্রবন্ধে জনপ্রশাসনের বিষয়টি একটি পৃথক শাস্ত্র হিসেবে পরিচিতি লাভ করে । তবে প্রশাসনের ধারণাটি সুপ্রাচীন । ভারতের প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত , কৌটিল্যের অর্থশাস্ত্র এবং অ্যারিস্টটলের ‘Politics’ গ্রন্থেও প্রশাসনের বিভিন্ন বিষয়ে ও ধারণা আলোচিত হয়েছে । নিম্নে জনপ্রশাসনের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি আলোচনা করা হলো।
ব্যুৎপত্তিগত অর্থ:-
প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ হল ‘Administration’ ইংরেজি শব্দ ‘Administer’ দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত যথা ‘Ad’ এবং ‘Ministrare’ যার অর্থ হল ‘to serve’ or ‘to ‘manage’ অর্থাৎ জনসাধারণের সুবিধার্থে কাজ করা।
জনপ্রশাসনের সংজ্ঞা:-
জনপ্রশাসনের কোন সুনির্দিষ্ট সংখ্যা নেই । বিভিন্ন রাষ্ট্র বিজ্ঞানী জনপ্রশাসনের বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন এগুলি হল নিম্নরূপঃ —
L.D white
L.D white তার ” Introduction to the study of Public Administration ” (1926) গ্রন্থে বলেছেন ” জননীতিকে প্রয়োগ ও কার্যকর করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ যে সমস্ত কর্মধারা অনুসরণ করে সেগুলি নিয়েই জনপ্রশাসন গঠিত (public administration consist of all those operations for their purpose the fulfillment or enforcement of public policy or declared by competent authority )”
Woodrow Wilson
Woodrow Wilson তার ” The study of Administration ” গ্রন্থে বলেছেন ‘ জন আইনের ব্যাপক ও সুসংবদ্ধ প্রয়োগেই হল জনপ্রশাসন ।( public administration is detailed and systematic execution of public law )
Pfiffner
অধ্যাপক Pfiffner এর মতে, ”জননীতিকে প্রয়োগ করার জন্য সঙ্ঘবদ্ধ প্রচেষ্টার সমন্বয় হল জনপ্রশাসন । (public administration is the co-ordination of collective efforts to implement public policy)”
সাধারণভাবে বললে, যে প্রশাসন জনগণের সেবা করে ,জনগণের স্বার্থ পূরণ করে তাকে জনপ্রশাসন বলে ।
জনপ্রশাসনের প্রকৃতি
জনপ্রশাসনের প্রকৃতি বিচার বিশ্লেষণ করলে দুটি মতবাদ পাওয়া যায়। যথা সার্বিক মতবাদ বা অখন্ড মতবাদ (INTEGRAL VIEW), ব্যবস্থাপনা গত মতবাদ বা পরিচালন মতবাদ (MANAGERIAL VIEW)
সার্বিক মতবাদ বা অখন্ড মতবাদ (INTEGRAL VIEW)
সার্বিক বা অখন্ড মতবাদের প্রবক্তা হলেন Woodrow Wilson, L.D White, Marshall E. Dimock, John Pfiffner, Percy McQueen প্রমুখ। এই মতবাদের মতে, উদ্দেশ্য পূরণের জন্য গৃহীত কার্যাবলীর সার্বিক যোগফলকে প্রশাসনের প্রকৃতি বলে স্বীকার করতে হয়। অর্থাৎ সংবাদ-বাহক থেকে প্রধান ব্যবস্থাপক সকলেই প্রশাসনের অংশীদার হিসেবে বর্ণনা করতে হবে যদিও প্রশাসনের ক্ষেত্রগত বিষয়বস্তু সব ক্ষেত্রে এক ধরনের হতে পারে না। অনেকে মনে করেন প্রশাসন হলো উদ্দেশ্য পূরণের জন্য গৃহীত কায়িক (Manual), করণিক (Clerical), কারিগরি (Technical), এবং ব্যবস্থাপনাগত ( Managerial) কার্যাবলীর যোগফল।
ব্যবস্থাপনা গত মতবাদ বা পরিচালন মতবাদ (MANAGERIAL VIEW)
ব্যবস্থাপনাগত মতবাদের প্রবক্তা হলেন Luther Gulick, Herbert Simon,Henry Fayol, Smithburg, Thompson, Merson প্রমুখ। এই মতবাদের মতে, জনপ্রশাসন উদ্দেশ্য পূরণের জন্য গৃহীত কার্যাবলীর সার্বিক যোগফল নয়। প্রশাসন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সেই সব কার্যাবলী যা উদ্দেশ্যগুলিকে ঐক্যবদ্ধ ও নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য কাজগুলির মধ্যে সমন্বয়সাধন করে। এই মতবাদে, প্রশাসক বলতে সেই ব্যক্তিকে বোঝান, যিনি ব্যবস্থাপনাগত কার্যাবলীর দায়িত্ব পালন করেন। ঊর্ধ্বতন ব্যক্তি বা ঊর্ধ্বতন পরিচালক গোষ্ঠী যারা ব্যবস্থাপনা মূলক কার্যাবলী পরিচালন করে তারায় এই প্রশাসনের অংশ।
জনপ্রশাসনের পরিধি
জনপ্রশাসনের পরিধি বিচার বিশ্লেষণ করলে যে দুটি গুরুত্বপূর্ণ মতবাদ লক্ষ্য করা যায় সেগুলি হল-POSDCORB মতবাদ (POSDCORB VIEW), বিষয়বস্তুগত মতবাদ (SUBJECT MATTER VIEW)
POSDCORB মতবাদ (POSDCORB VIEW)
১৯৩৭ সালে প্রকাশিত লুথার গালিক ও লিন্ডাল আরউইক এর ‘Papers of the Science of Administration’ গ্রন্থে POSDCORB তত্ত্বটি প্রদান করেন। এই POSDCORB শব্দটির সাহায্যে প্রশাসন বিজ্ঞানের সাতটি সূত্রের কথা বলেছেন এর পূর্ণরূপ নিম্নে আলোচনা ও ব্যাখ্যা করা হলো-
P-Planning (পরিকল্পনা):
কোন কাজ করতে হলে করণীয় কার্য সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং উদ্দেশ্য পূরণের জন্য উপযুক্ত পরিকল্পনা অবলম্বন করতে হবে।
O-Organization (সংগঠন):
যাদের দ্বারা কাজটি সম্পাদিত হবে এমন কর্তৃপক্ষের কাঠামোর গঠনকে সংগঠন বলে যার দ্বারা কাজটি সুনির্দিষ্ট বিভাগে বিন্যস্ত, সংযোজিত ও সম্পাদিত হয়।
S-Staffing (কর্মী নিয়োগ):
উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তাদেরকে প্রশাসন পরিচালনার উপযুক্ত করা।
D-Direction (আদেশ বা নির্দেশ):
কর্মচারীদের পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং আদেশ ও নির্দেশ প্রদানের প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে।
Co-ordination (সমন্বয়):
এটি হলো একটি সংগঠনের বিভিন্ন বিভাগ দপ্তর এবং অন্যান্য অংশের কার্যাবলীর মধ্যে সংযোগ সাধন বা সমম্বয় বলা হয়।
R-Reporting (কার্যবিবরণী):
পরিকল্পিত কাজের বিভিন্ন অংশের মধ্যে তথ্য সরবরাহ বা আদান-প্রদানকে কার্যবিবরণী বলা হয়।
B-Budgeting (আয় ব্যয়ের হিসাব):
পরিকল্পিত কাজের আয় ব্যয়ের হিসাব কে বাজেট বলা হয়। প্রশাসন বা ব্যবস্থাপনার সব ক্ষেত্রেই POSDCORB তত্ত্বটি প্রয়োগ করা সম্ভব বলে মনে করা হয়। প্রতিটি জায়গাতেই এই তত্ত্ব সমানভাবে প্রয়োজনীয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোতে POSDCORB পদ্ধতির প্রভাব পরিলক্ষিত হয়।
বিষয়বস্তুগত মতবাদ (SUBJECT MATTER VIEW)
লুথার গালিকের POSDCORB তত্ত্বটি জনপ্রশাসন শাস্ত্রের পরিধি সম্প্রসারণে এক মূল্যবান আবিষ্কার হলেও এই তত্ব সমালোচনা মুক্ত নয়। সমালোচকদের মতে, POSDCORB কার্যাবলী প্রশাসনের সবকিছুকে বর্ণনা করার পক্ষে যথেষ্ট তো নয়ই, এমনকি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ অংশ বর্ণনার পক্ষেও যথেষ্ট নয়। লুথার গালিক প্রশাসনের সামান্য কিছু বাস্তব সাধারণ কার্যকলাপের উল্লেখ করেছেন। সমালোচকদের মতে, গৃহস্থলীর কার্যকলাপ বা প্রশাসনিক উপকরণ গুলির উপর আলোকপাত করে মাত্র তার বেশি কিছু নয়। বিষয়গত জ্ঞান (Subject-Matter Knowledge) বা বিশেষজ্ঞ জ্ঞানের (Specialised Knowledge) কোন সন্ধান দেয় না। বর্তমানে জনপ্রশাসনের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। জনপ্রশাসন অনেক সেবা সংগঠনকে (Service Organisation) পরিচালনা করে, যেমন আইন-শৃঙ্খলা প্রতিরক্ষা শিক্ষা জনস্বাস্থ্য ন্যায় বিচার ইত্যাদি। এই সেবা কর্মসূচি গুলির নিজস্ব কিছু পদ্ধতি আছে যার দ্বারা তারা অপরাধ উদঘাটন করে। এইসব ক্ষেত্রে POSDCORB পদ্ধতি যথেষ্ট নয়। POSDCORB এর সাধারণ পদ্ধতি এইসব বিশেষজ্ঞ সংগঠনের পক্ষে একেবারে অনুপযুক্ত। উদাহরণস্বরূপ বলা যায়, সেনাবাহিনীর সংগঠন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রকৃতি কখনোই এক নয়। লুথার গালিকের দৃষ্টিভঙ্গি ‘বিষয়ভিত্তিক’ (Subject Oriented)নয়, ‘কৌশল ভিত্তিক’(Technique Oriented) বলা হয়।
উপসংহার
উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বর্তমানে রাষ্ট্রের কাজকর্মের পরিধি সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রশাসনের পরিধেয় সম্প্রসারিত হয়ে চলেছে। ফলে প্রগতিশীল বিজ্ঞানের মতই জনপ্রশাসনের পরিধিও ব্যাপকতা লাভ করছে। সুতরাং বর্তমানে কেন্দ্র,রাজ্য ও স্থানীয় বা আঞ্চলিক সকল স্তরের সরকারের শাসনবিভাগীয়, আইনবিভাগীয়, বিচারবিভাগীয়, অর্থ বিষয়ক প্রভৃতি সব কার্যকলাপ জনপ্রশাসনের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। জনস্বার্থে জড়িত সব বিষয়েই আজ জনপ্রশাসনের অন্তর্ভুক্ত। পরিশেষে বলা যায় যে জনপ্রশাসনের পরিধি যে অত্যন্ত ব্যাপক তা অনস্বীকার্য।
