Table of Contents
Table of Contents
ভূমিকা
রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সর্বাপেক্ষা প্রাচীনতম দৃষ্টিভঙ্গি হল নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি যা ঐতিহ্যগত, সাবেকি বা রীতিবদ্ধ দৃষ্টিভঙ্গি নামেও পরিচিত। প্রাচীন গ্রিক রাষ্ট্রদর্শন থেকে শুরু করে উনিশ শতকের শেষদিক পর্যন্ত রাষ্ট্রদার্শনিকগণ এই দৃষ্টিভঙ্গিটি অনুসরণ করেছেন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোনো ঘটনা বা বিষয়ের বিশ্লেষণের ক্ষেত্রে বাস্তব ঘটনার বর্ণনার পরিবর্তে নীতি, आदर्श, মূল্যবোধ প্রভৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই দৃষ্টিভঙ্গির মূল কেন্দ্রবিন্দু হল রাষ্ট্র এবং রাষ্ট্রকে পরিচালিত করতে হবে শাশ্বত, পূর্বনির্ধারিত কিছু মূল্যবোধের দ্বারা। এই দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের নিকট আদর্শ রাষ্ট্র কি, আদর্শ সমাজ কি, কিংবা আদর্শবান নাগরিক বলতে কি বোঝায় ইত্যাদি প্রশ্ন বিশেষ প্রাধান্য পায়।
নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্লেটো (Plato), অ্যারিস্টটল (Aristotle), টমাস অ্যাকুইনাস (Aquinas), অগাস্টিন (Augustin), ম্যাকিয়াভেলি (Machiavelli), বোঁদা (Bodin), হবস (Hobbes), জন লক্ (Locke), রুসো (Rousseau), কান্ট (Kant), হেগেল (Hegel) প্রমুখ। এঁরা প্রত্যেকেই রাজনৈতিক আলোচনাকে সামাজিক আদর্শ বা মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন।
নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা
যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আলোচনাকে সামাজিক আদর্শ ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত করতে চায়, যার মূল লক্ষ্য হল রাষ্ট্র ও মানুষের রাজনৈতিক জীবন সম্পর্কে সর্বজনীন মূল্যবোধ নির্ধারণ করা এবং যা রাজনীতি বিষয়ক আলোচনায় প্রকৃত বা বাস্তব ঘটনাকে গুরুত্ব না দিয়ে আদর্শ বা লক্ষ্যের ওপর গুরুত্ব দেয়, তাকে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বলে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ভারনন ভ্যান ডাইক (Vernon Van Dyke) বলেছেন যে, নীতিমানবাচক বিবৃতিসমূহ ‘যা আছে’ (What is), তা নিয়ে আলোচনা করার পরিবর্তে ‘যা হওয়া উচিত’ (What ought to be or should be) তা নিয়েই আলোচনা করে। যখন ভালো-মন্দ, উচিত-অনুচিত, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিতের মতো প্রশ্নগুলিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে রাষ্ট্রদার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র, রাজনীতি বা রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহকে বিচারবিশ্লেষণ করেন, তখন সেই দৃষ্টিভঙ্গিকে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়। বলা বাহুল্য যে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা আদর্শ রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই মূল্যমানযুক্ত আলোচনায় আত্মনিয়োগ করেন।
নীতিবানবাচক দৃষ্টিভঙ্গির প্রকৃতি ও বৈশিষ্ট্য
নীতিবানবাচক দৃষ্টিভঙ্গির প্রকৃতি ও বৈশিষ্ট্য গুলি নিম্নে আলোচনা করা হলো-
1. মূল্যবোধযুক্ত আলোচনা:
নীতিবানবাচক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূল্যবোধ যুক্ত আলোচনা। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে প্রদত্ত বিবৃতির মধ্যে প্রকৃত বাস্তব ঘটনার বর্ণনা ও বিশ্লেষণ করার পরিবর্তে নীতি, আদর্শ, মূল্যবোধ প্রভৃতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। এই দৃষ্টিভঙ্গি ভালো-মন্দ, উচিত-অনুচিত, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিতের মতো প্রশ্নগুলিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহকে বিচারবিশ্লেষণ করে থাকে। এরূপ দৃষ্টিভঙ্গির প্রবক্তারা আদর্শ রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই মূল্যমানযুক্ত আলোচনায় আত্মনিয়োগ করেন।
2. বিষয়ীগত প্রকৃতি
নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি প্রকৃতিগতভাবে বিষয়ীগত বা আত্মগত (Subjective)। কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই দৃষ্টিভঙ্গির রাষ্ট্রদার্শনিক কিংবা প্রবক্তাগণ তাদের নিজস্ব বিচারবোধ, কল্পনা ও সাধারণ অনুভূতির দ্বারা বিশেষভাবে পরিচালিত হন। সে কারণে এই দৃষ্টিভঙ্গির আলোচনার প্রকৃতি অনেকটাই ব্যক্তিগত মতামতকেন্দ্রিক। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে টি. ডি. ওয়েলডন তাঁর ভোকাবুলারি অব পলিটিক্স (Vocabulary of Politics) নামক গ্রন্থে এই মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দর্শন হল ‘একটি পছন্দের ব্যাপার’ (a matter of taste)। তাই একজন কেবল তার পছন্দ জানাতে পারে; কিন্তু তা নিয়ে কোনোরকম যুক্তিতর্কের মধ্যে যেতে চায় না।
3. বর্ণনামূলক
রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই দৃষ্টিভঙ্গি মূলত বর্ণনামূলক। বিভিন্ন ঘটনা ও চিন্তাধারার বিচার বিশ্লেষণের কিংবা পর্যালোচনার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গির প্রবক্তাগণ বর্ণনাত্মক পদ্ধতির অনুসরণ করে থাকেন।
4. অবরোহী পদ্ধতি অনুসরণ
নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক জীবনকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার জন্য যে-পদ্ধতি অনুসরণ করেন, তা অবরোহী পদ্ধতি (deductive method) নামে পরিচিত। এরূপ পদ্ধতি অনুসরণ করে তাঁরা একটি পূর্বানুমানের ওপর ভিত্তি করে রাষ্ট্রের প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলি, ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তি ও সমাজের সম্পর্ক প্রভৃতি বিশ্লেষণ করেন। উদাহরণ হিসেবে প্লেটোর ‘আদর্শ রাষ্ট্র’ (Ideal State)-সংক্রান্ত তত্ত্বের কথা উল্লেখ করা যেতে পারে। তাঁর কল্পিত আদর্শ রাষ্ট্রে শাসকশ্রেণি, যোদ্ধৃশ্রেণি ও উৎপাদক বা কারিগরশ্রেণি সহাবস্থান করবে বলে তিনি ধরে নিয়েছিলেন। এই তিনটি শ্রেণি একে অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজ নিজ শ্রেণিগত কর্ম সম্পাদন করলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে তিনি বিশ্বাস করতেন।
5. নির্দেশাত্মক প্রকৃতির
প্রকৃতিগতভাবে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি নির্দেশাত্মক। এক্ষেত্রে কোনো ব্যবস্থার মূল্যায়নের জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি নির্ধারণ করা হয় এবং যার দ্বারা কোনো ব্যবস্থার সমস্যা বা সীমাবদ্ধতা বিচার বিশ্লেষণ করে সেই ব্যবস্থার পরিশোধন কিংবা সমস্যা সমাধানের পথনির্দেশ দেওয়া হয়। আলফ্রেড কোব্যান (Alfred Cobban)-র মতে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি থেকে যে তত্ত্ব রচিত হয়, তা থেকে মূলত আমরা বিচারশীলতার কিছু মাপকাঠি আহরণ করে থাকি।
6. রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা
নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনীতি আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু হল রাষ্ট্র। কীভাবে একটি আদর্শ রাষ্ট্র, আদর্শ নাগরিক গড়ে তোলা যায় তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে এই দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির প্রবক্তারা মনে করেন, মূল্যবোধ-ভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার তাগিদেই প্রয়োজন মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্রচিন্তার এবং রাষ্ট্রবিষয়ক আলোচনাকে বিচার করতে হবে পূর্বনির্দিষ্ট মূল্যবোধের ভিত্তিতে, প্রচলিত ধ্যানধারণার মাপকাঠিতে নয়। সে কারণে রাষ্ট্রবিজ্ঞান চর্চার এই ধারাকে ‘রাষ্ট্রদর্শন’ হিসেবেও আখ্যায়িত করা হয়।
সমালোচনা
নীতিবানবাচক দৃষ্টিভঙ্গি সমালোচনার ঊর্ধ্বে নয়, এই সমালোচনা গুলি নিম্নে আলোচনা করা হলো-
1. অবাস্তব তত্ত্ব
প্রথমত, মানুষের রাজনৈতিক জীবনের বাস্তব অবস্থা বর্ণনা বা বিশ্লেষণ না করে এরূপ দৃষ্টিভঙ্গির প্রবক্তারা কাল্পনিক জীবনের চিত্র অঙ্কন করেন। ফলে তাঁদের আলোচনা অবাস্তবতার সংকীর্ণ বেড়াজাল অতিক্রম করতে পারেনি।
2. অনৈতিহাসিক
রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলি প্রভৃতি সম্পর্কে আলোচনার সময় এরূপ দৃষ্টিভঙ্গির প্রবক্তারা সাধারণভাবে সযত্নে ইতিহাসকে এড়িয়ে যান। ফলে তাঁদের আলোচনা অনৈতিহাসিক বলে সমালোচিত হয়।
3. ভাব ও আদর্শের উপর অত্যাধিক গুরুত্ব
রাষ্ট্রের সমস্যাবলি সমাধানের জন্য নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তা দার্শনিকরা বাস্তব অবস্থা বিশ্লেষণের পরিবর্তে ভাব ও আদর্শের ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করেন। ফলে ওইসব সমস্যার কোনো বাস্তবসম্মত সমাধানের পথ নির্দেশ করা সম্ভব হয় না।
4. পদ্ধতিগত ত্রুটি
অভিজ্ঞতাবাদীদের অভিযোগ হল- এরূপ দৃষ্টিভঙ্গি অনুসরণ করে যেসব তত্ত্ব প্রচার করা হয়, সেগুলি পূর্বানুমানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এরূপ ক্ষেত্রে অবরোহী পদ্ধতি অনুসৃত হওয়ার ফলে এরূপ তত্ত্বের সঙ্গে বাস্তবের কোনোরূপ সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। সমালোচকদের মতে, কেবল আরোহী পদ্ধতি অনুসরণ করে যে-তত্ত্ব গড়ে তোলা হয়, কেবল তা-ই বাস্তব সম্মত তত্ত্ব বলে বিবেচিত হতে পারে।
5. অবৈজ্ঞানিক
আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে, রাজনীতি তথা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার জন্য সাবেকি নীতিমানবাচক পদ্ধতি অনুসরণ করা আদৌ বাঞ্ছনীয় নয়। তাঁদের মতে, এরূপ করার জন্য ভৌতবিজ্ঞানের গবেষণা পদ্ধতি ও কৌশল প্রয়োগ করা একান্তভাবেই অপরিহার্য। অন্যভাবে বলা যায়, অভিজ্ঞতাবাদী তত্ত্বের প্রবক্তারা তত্ত্ব ও গবেষণার মধ্যে সংহতি সাধনের জন্য তথ্য সংগ্রহ, পরিমাপ, সংখ্যায়ন, পর্যালোচনা প্রভৃতির ওপর গুরুত্ব আরোপ করেন। কিন্তু নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিতে তা সম্পূর্ণ অনুপস্থিত থাকার ফলে এরূপ দৃষ্টিভঙ্গির সাহায্যে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানসম্মত উপায়ে আলোচনা ও বিশ্লেষণ করা অসম্ভব বলে সমালোচকরা মনে করেন।
6. প্রাসঙ্গিকতার অভাব
অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তারা, বিশেষত আচরণবাদীরা এই অভিযোগ করেন যে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে প্রাসঙ্গিকতার অভাব বিশেষভাবে লক্ষণীয়। যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং সেগুলির সম্যক বিচারবিশ্লেষণ ছাড়া কোনো তত্ত্ব বা মতবাদকে যুক্তির ওপর প্রতিষ্ঠিত বলে মনে করা যায় না। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এই সত্যটিকে উপেক্ষা করে তত্ত্ব ও মতবাদ গঠনের চেষ্টা করে বলে সেগুলি বিজ্ঞানসম্মত বলে কখনোই বিবেচিত হতে পারে না।
উপসংহার
পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞানের একটি প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞান-র চর্চার ক্ষেত্র রাষ্ট্র দিয়ে সূচনা হলেও বর্তমানে তা আর শুধুমাত্র রাষ্ট্রীয় চর্চার মধ্যে আবদ্ধ নেই। রাষ্ট্রবিজ্ঞানের আঙিনায় বহু নতুন নতুন বিষয়ের অবতারণা যেমন- উত্তর-আধুনিকতাবাদ, উত্তরউপনিবেশবাদ, নতুন সামাজিক আন্দোলন, নারীবাদ, অ-রাষ্ট্রীয় কারকের ভূমিকা ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞান চর্চার পরিধিকে পরিবর্ধিত করেছে। প্রসঙ্গত, একটি গতিশীল শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান চর্চার আঙিনায় তত্ত্বের আগমন যা একটি স্বাভাবিক ঘটনা। ঐতিহ্য অনুসরণ করলে দেখা যায় তত্ত্বের লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন যুগে ও পর্যায়ে বিভিন্ন চেহারা নিয়েছে। তবে সব তত্ত্বেরই উদ্দেশ্য ব্যক্তিকল্যাণ, কিংবা সমাজকল্যাণ। অর্থাৎ সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্র কখনোই ব্যক্তিকল্যাণ কিংবা সমাজকল্যাণ ব্যতীত সম্ভব নয় এবং এই প্রেক্ষিতেই উঠে আসে মূল্যবোধভিত্তিক নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা। কারণ একথা ধ্রুব সত্য যে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের আলোচনা কোনো ভাবেই নীতি নৈতিকতাকে ব্রাত্য করে শুধুমাত্র বৈজ্ঞানিক অর্থাৎ মূল্যবোধ নিরপেক্ষ ভাবে সম্ভব নয়।
