রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

Table of Contents

ভূমিকা

রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ও পুনরুত্থান নিয়ে রাজনৈতিক তাত্ত্বিকদের মধ্যে ভিন্ন মতবাদ রয়েছে। রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতামত নিম্নে আলোচনা করা হলো । কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানীর মতে, আজকের দিনে রাজনৈতিক তত্ত্বের কিছুটা গুরুত্ব হ্রাস পেয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। আসলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক তত্ত্বের গতি প্রকৃতি কিছুটা বদলে গেছে। এই পরিবর্তনকে রাজনৈতিক তত্ত্বের অবসান বলা ঠিক হবে না। বস্তুত সাম্প্রতিক কালের অভিজ্ঞতাবাদী রাষ্ট্রদর্শনে এবং গত শতকের ষাটের দশকের সময় থেকে আচরণবাদীদের আলোচনায় মূল্যবোধকে যথেষ্ট গুরুত্ব পেতে দেখা যায়। দাঁতে জারমিনো (Dante Germino), ডেভিড মিলার (David Miller), ল্যারি সিডেনটপ (Lary Sidentop) প্রমুখ লেখক মনে করেন সাম্প্রতিকালে রাজনৈতিক তত্ত্বের পুনরভ্যুত্থান ঘটেছে। প্রমাণস্বরূপ তাঁরা পরবর্তীকালের আচরণবাদীদের উদারনৈতিক গণতন্ত্রের প্রতি গভীর আকর্ষণের বিষয়টি উল্লেখ করেন। তাছাড়া অত্যাধুনিক গবেষণাগুলিতেও বিশেষ ধরনের মূল্যবোধকে প্রাধান্য পেতে দেখা যাচ্ছে।

রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান সম্পর্কে ভিন্ন মত

রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতামত নিম্নে আলোচনা করা হলো । দাঁতে জারমিনো (Dante Germino) তাঁর ‘Beyond Edeology, The Revival of Political Theory’ নামক গ্রন্থে মন্তব্য করেন যে, উনিশ শতক থেকে বিশ শতকের গোড়ার দিক পর্যন্ত রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটেছে এবং এই অবক্ষয়ের জন্য তিনি দৃষ্টবাদ (positivism)-কে দায়ী করেছেন। তবে তিনি ইস্টন ও কোব্বানের বিরোধিতা করে বলেছেন যে, বর্তমানে রাজনৈতিক তত্ত্বের পুনরাবির্ভাব ঘটেছে এবং এই পরিবর্তনের শুরু বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে। যেসমস্ত চিন্তাবিদের কল্যাণে সাবেকি রাজনৈতিক তত্ত্বের পুনরাবির্ভাব সম্পন্ন হয়েছে তাঁরা হলেন এইচ. অ্যারেন্দ (Hannah Arendt), এম. ওয়াকশট (Michael Oakeshott), লিও স্ট্রস (Leo Strauss), এরিক ভোয়েগলিন (Eric Voegelin) প্রমুখ।

হান্না অ্যারেন্দ (Hannah Arendt) তাঁর ১৯৫৮ সালে প্রকাশিত ‘The Human Condition’ শীর্ষক গ্রন্থে বলেছেন, বর্তমান বিশ্বে মানবিক অভিজ্ঞতা হারিয়ে গেছে। তিনি মানুষের কাজকর্মে দায়িত্বপূর্ণ স্বাধীনতা ও মর্যাদাবোধ পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

লিও স্ট্রস (Leo Strauss) তাঁর ‘What is Political Philosophy and Other Studies?’ (1959) নামক গ্রন্থে রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানের ওপর জোর দেন। তিনি বলেন, একজন রাজনৈতিক অতি অবশ্যই সত্যানুসন্ধানী হবেন। তিনি বিমূর্ত ভাবতত্ত্বমূলক রাজনৈতিক তত্ত্বকে সমর্থন করেননি।

এরিক ভোয়েগলিন তাঁর ‘The New Science of Politics’ (1952) নামক প্রবন্ধে মন্তব্য করেন, ব্যক্তি ও সমাজ উভয়ের দিক থেকেই রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব অপরিসীম।

শেলডন উলিন (Sheldon Wolin) নামক অপর এক রাষ্ট্রবিজ্ঞানীও রাজনৈতিক তত্ত্বের সমর্থনে বক্তব্য রাখেন। তিনি গ্রিক পন্ডিত প্লেটোর সময় থেকে আজ অবধিসৃষ্ট রাজনৈতিক তত্ত্বের ঐতিহ্যবাহী উপযোগিতা ও সার্থকতা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং রাজনৈতিক তত্ত্বকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় সে বিষয়ে পরামর্শ দেন।

রাজনৈতিক তত্ত্বের পুরনরুত্থানের পিছনে হায়েক, নোজিক, বুকানন, রলস প্রমুখ নয়া-উদারনীতিবাদীদের অবদানও কম নয়। এঁদের আলোচনায় সামাজিক ন্যায়, কল্যাণমূলক অধিকারসমূহ, গণতান্ত্রিক তত্ত্ব ও বহুত্ববাদ, উপযোগিতাবাদ, নারীবাদ, পুরসমাজ, সমভোগতন্ত্রবাদ (Communitarianism) প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সুশিলা রামস্বামী (Susila Ramaswamy)-র মতে গত শতকের শেষ দিকে মার্কসবাদী দর্শনের জনপ্রিয়তার অবসানজনিত যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করার প্রচেষ্টা থেকে সাম্প্রতিকালের ‘সমভোগতন্ত্রবাদ’-এর জন্ম।

উপসংহার

উপরিউক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে, বর্তমান দিনে রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা হ্রাস পেয়েছে বলে যে মন্তব্যটি করা হয়, তা সর্বাংশে সত্য নয়। গত শতকের ষাটের দশকের শেষ দিক থেকে যে আচরণবাদোত্তর বিপ্লব শুরু হয় তা পূর্বের মূল্যবোধযুক্ত রাজনৈতিক তত্ত্বের পুনরাবির্ভাব ঘটিয়েছে এবং সেই সঙ্গে রাজনৈতিক তত্ত্বের অবনমন সম্পর্কিত বিতর্কটিরও অবসান ঘটিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top