Table of Contents
Table of Contents
ভূমিকা
রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ‘রাজনৈতিক তত্ত্ব’ (Political Theory) । রাষ্ট্র, সরকার, ক্ষমতা এবং মানুষের রাজনৈতিক আচরণকে বিজ্ঞানসম্মত ও সুশৃঙ্খলভাবে বোঝার জন্য রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব অপরিসীম। সভ্যতার বিবর্তন এবং চিন্তাধারার পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও পরিধিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বিভিন্ন সময়ে সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রচিন্তাবিদগণ নিজ নিজ দৃষ্টিভঙ্গি, গবেষণা পদ্ধতি এবং দর্শনের ওপর ভিত্তি করে রাজনৈতিক তত্ত্বকে বিভিন্নভাগে বিভক্ত করেছেন। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে আধুনিক আচরণবাদ এবং বৈপ্লবিক মার্কসীয় দৃষ্টিভঙ্গি—সবই এই শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত। রাজনৈতিক তত্ত্বের এই বহুমুখী রূপকে স্পষ্টভাবে অনুধাবনের জন্য প্রধান প্রধান রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত রাজনৈতিক তত্ত্বের শ্রেণিবিভাগ আলোচনা করা হল ।
রাজনৈতিক তত্ত্বের শ্রেণিবিভাগ
রাজনৈতিক তত্ত্বের শ্রেণিবিভাগ এগুলি নিম্ন আলোচনা করা হল—
ডেভিড ইস্টনের অভিমত,
আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে প্রধানত দু’টি ভাগে ভাগ করেছেন, যথা-
[১] মূল্যবোধযুক্ত তত্ত্ব (value theory) :
যেসব রাজনৈতিক তত্ত্বে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় প্রভৃতি প্রশ্ন গুরুত্ব লাভ করে এবং যেসব ক্ষেত্রে একটি পূর্বানুমানকে স্বতঃসিদ্ধ বলে ধরে নিয়ে তার ভিত্তিতে তত্ত্ব গঠন করা হয়, সেইসব তত্ত্বকে ইস্টন মূল্যবোধযুক্ত তত্ত্ব বলে
[২] হেতুবাদী তত্ত্ব (causal theory):
যে-তত্ত্ব বিভিন্ন রাজনৈতিক ঘটনার পারস্পরিক সম্পর্ককে নিয়ে আলোচনা করে, ইস্টন তাকে হেতুবাদী তত্ত্ব বলে অভিহিত করেছেন। হেতুবাদী তত্ত্বকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, যথা-
[ক] একক সাধারণীকরণ (singular generalisation) তত্ত্ব :
পরস্পর বিচ্ছিন্ন অথচ সহজে শনাক্তকরণযোগ্য (easily identifiable) এমন দুটি উপাদানের মধ্যে পর্যবেক্ষিত সমরূপতা (observed uniformities)-সংক্রান্ত বিবৃতিকে ইস্টন একক সাধারণীকরণ তত্ত্ব বলে অভিহিত করেছেন।
[খ] সমন্বয়ী (synthetic) বা সংকীর্ণ (narrow-gauge) তত্ত্ব:
সমন্বয়ী বা সংকীর্ণ তত্ত্ব হল পারস্পরিক সম্পর্কযুক্ত এমন কতকগুলি ধারণা, যেগুলি অসংগঠিত একক সাধারণীকরণের সমষ্টির মধ্যে (in an unorganised body of single generalisation) নিহিত তথ্যসমূহের সমন্বয় সাধন করে।
[গ] ব্যাপক (broad-gauge) তত্ত্ব।
ইস্টন সেই তত্ত্বকে ব্যাপক তত্ত্ব বলে চিহ্নিত করেছেন, যা সমগ্র শাস্ত্রটি (whole discipline)-র তাত্ত্বিক কাঠামো হিসেবে কাজ করে। তিনি এই তত্ত্বটিকে ‘ধারণাগত কাঠামো’ বলেও বর্ণনা করেছেন।
রোল্যান্ড পেনকের অভিমত,
রোল্যান্ড পেনক (Roland Pennock) রাষ্ট্রতত্ত্বকে পাঁচ ভাগে ভাগ করেছেন, যথা-
[১] নৈতিক (ethical)
নৈতিক রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্র ও রাজনৈতিক জীবনের সর্বজনীন মূল্যবোধ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। তাই ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় ইত্যাদি প্রশ্ন এই তত্ত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এই ধরনের তাত্ত্বিক আলোচনায় অবরোহী পদ্ধতি বিশেষভাবে অনুসৃত হয়। প্লেটো, হেগেল, কান্ট, গ্রীন প্রমুখ ভাববাদী দার্শনিক হলেন এরূপ রাজনৈতিক তত্ত্বের প্রধান প্রবক্তা।
[২] যুক্তিভিত্তিক কল্পনাশ্রয়ী (speculative):
যুক্তিভিত্তিক কল্পনাশ্রয়ী রাষ্ট্রতত্ত্ব হল অধিবিদ্যামূলক তত্ত্ব (metaphysical theory)। এই তত্ত্বের প্রবক্তারা প্রধানত যুক্তির ভিত্তিতে কল্পনার সাহায্যে আদর্শ সমাজ ও আদর্শ রাজনৈতিক জীবনের রূপরেখা অঙ্কন করেন। উদাহরণ হিসেবে প্লেটো-কল্পিত সমভোগবাদী সমাজের প্রতিষ্ঠা-সংক্রান্ত তত্ত্বের কথা উল্লেখ করা যায়।
[৩] সমাজতাত্ত্বিক (sociological)
সমাজতাত্ত্বিক রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রকে একটি সামাজিক সংগঠন হিসেবে ধরে নিয়ে সমাজের সঙ্গে তার সম্পর্ক-সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। অভিজ্ঞতাবাদী পদ্ধতি হল এই তত্ত্বের ভিত্তি।
[৪] আইনগত (legal)
আইনগত রাষ্ট্রতত্ত্বে সর্বপ্রকার রাজনৈতিক প্রতিষ্ঠান ও সম্পর্ককে ‘আইনগত দৃষ্টিকোণ থেকে বিচারবিশ্লেষণ করা হয়। এই তত্ত্বের প্রবক্তারা রাষ্ট্রকে একটি আইনগত প্রতিষ্ঠান হিসেবে ধরে নিয়েই আলোচনা শুরু করেন।
[৫] বৈজ্ঞানিক (scientific)
বৈজ্ঞানিক রাষ্ট্রতত্ত্ব হল প্রকৃতিগতভাবে অভিজ্ঞতাভিত্তিক তত্ত্ব। পর্যবেক্ষণ, পরিমাপ, বিশ্লেষণ প্রভৃতির মাধ্যমে এবং সংগৃহীত তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে এই তত্ত্ব সাধারণ সিদ্ধান্ত ও বিধি প্রণয়নের চেষ্টা করে। ম্যাকডুগাল, লেব, গ্রাহাম ওয়ালাস প্রমুখ হলেন এরূপ রাজনৈতিক তত্ত্বের প্রধান প্রবক্তা।
মার্কসীয় দৃষ্টিকোণ থেকে শ্রেণিবিভাজন
মার্কসীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রতত্ত্বকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়, যথা-
[১] ভাববাদী রাষ্ট্রতত্ত্ব
যে তত্ত্ব রাষ্ট্রকে কোনো মানবিক বা অর্থনৈতিক প্রয়োজন অপেক্ষা একটি পরম নৈতিক চেতনা, আধ্যাত্মিক শক্তি বা ঐশ্বরিক ধারণার বহিঃপ্রকাশ হিসেবে দেখে, তাকে ভাববাদী রাষ্ট্রতত্ত্ব বলে।
[২] আধুনিক বুর্জোয়া রাষ্ট্রতত্ত্ব
জিবাদী সমাজের প্রেক্ষাপটে গড়ে ওঠা যে তত্ত্ব রাষ্ট্রকে একটি শ্রেণি–নিরপেক্ষ, কল্যাণকামী এবং আইনশৃঙ্খলারক্ষাকারী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তাকে আধুনিক বুর্জোয়া (বা উদারনীতিবাদী) রাষ্ট্রতত্ত্ব বলে।
[৩] মার্কসীয় রাষ্ট্রতত্ত্ব।
কার্ল মার্কস ও ফ্রিডরিশ এঙ্গেলসের দর্শন অনুযায়ী, সমাজে অর্থনৈতিকভাবে শক্তিশালী শ্রেণির দ্বারা দুর্বল বা সর্বহারা শ্রেণিকে শাসন ও শোষণ করার জন্য যে রাজনৈতিক ও সাংগঠনিক হাতিয়ার বা যন্ত্রের জন্ম হয়েছে, তাকেই মার্কসীয় রাষ্ট্রতত্ত্ব বলে।
উপসংহার
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, রাজনৈতিক তত্ত্বের শ্রেণিবিভাগ কোনো একক বা সংকীর্ণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। ডেভিড ইস্টন যেখানে আচরণবাদী ও পদ্ধতিগত দিক থেকে তত্ত্বের শ্রেণিবিভাগ করেছেন, সেখানে রোল্যান্ড পেনক ঐতিহ্যগত দর্শনের সাথে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির এক চমৎকার সমন্বয় ঘটিয়েছেন। অন্যদিকে, মার্কসীয় দৃষ্টিকোণ সম্পূর্ণ ভিন্ন এক অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে শ্রেণির অবস্থান থেকে তত্ত্বের বিভাজন রেখা টেনেছে। প্রকৃতপক্ষে, এই সমস্ত ভিন্নধর্মী শ্রেণিবিভাগ ও অভিমত রাজনৈতিক তত্ত্বকে কোনো দ্বন্দ্বে জড়ায় না, বরং রাজনীতি বিজ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তোলে। সামগ্রিকভাবে, সমাজ ও রাষ্ট্রের জটিল রাজনৈতিক প্রক্রিয়াকে সঠিকভাবে বিশ্লেষণ করতে এবং একটি আদর্শ ও বাস্তবসম্মত ব্যবস্থার রূপরেখা তৈরি করতে এই প্রতিটি তাত্ত্বিক শ্রেণিবিভাগের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য।
Frequently Asked Questions (FAQs)
1. রাজনৈতিক তত্ত্বের প্রধান শ্রেণিবিভাগগুলো কী কী?
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক তত্ত্বের শ্রেণিবিভাগ ভিন্ন হতে পারে। তবে প্রধানত এটিকে মূল্যবোধযুক্ত তত্ত্ব, হেতুবাদী তত্ত্ব, নৈতিক তত্ত্ব, সমাজতাত্ত্বিক তত্ত্ব, আইনগত তত্ত্ব এবং মার্কসীয় রাষ্ট্রতত্ত্বের মতো প্রধান কয়েকটি ভাগে বিভক্ত করা যায়।
2. ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে কয়টি ভাগে ভাগ করেছেন?
আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে প্রধানত দু’টি ভাগে ভাগ করেছেন। যথা: ১. মূল্যবোধযুক্ত তত্ত্ব (Value Theory) এবং ২. হেতুবাদী তত্ত্ব (Causal Theory)।
3. ডেভিড ইস্টনের মতে মূল্যবোধযুক্ত তত্ত্ব কী?
যেসব রাজনৈতিক তত্ত্বে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় প্রভৃতি প্রশ্ন গুরুত্ব লাভ করে এবং কোনো একটি পূর্বানুমানকে স্বতঃসিদ্ধ ধরে নিয়ে তত্ত্ব গঠন করা হয়, ডেভিড ইস্টন সেগুলোকে মূল্যবোধযুক্ত তত্ত্ব বলেছেন।
4. রোল্যান্ড পেনক রাষ্ট্রতত্ত্বকে কয়টি ভাগে ভাগ করেছেন?
রোল্যান্ড পেনক (Roland Pennock) রাষ্ট্রতত্ত্বকে মোট পাঁচ ভাগে ভাগ করেছেন। এগুলো হলো: নৈতিক, যুক্তিভিত্তিক কল্পনাশ্রয়ী, সমাজতাত্ত্বিক, আইনগত এবং বৈজ্ঞানিক তত্ত্ব।
5.মার্কসীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রতত্ত্ব কত প্রকার ও কী কী?
মার্কসীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রতত্ত্বকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা: ১. ভাববাদী রাষ্ট্রতত্ত্ব, ২. আধুনিক বুর্জোয়া রাষ্ট্রতত্ত্ব এবং ৩. মার্কসীয় রাষ্ট্রতত্ত্ব।
6.মার্কসীয় রাষ্ট্রতত্ত্বের মূল কথা কী?
কার্ল মার্কস ও ফ্রিডরিশ এঙ্গেলসের দর্শন অনুযায়ী, সমাজে অর্থনৈতিকভাবে শক্তিশালী (বুর্জোয়া) শ্রেণির দ্বারা দুর্বল বা সর্বহারা শ্রেণিকে শাসন ও শোষণ করার জন্য যে রাজনৈতিক ও সাংগঠনিক হাতিয়ার বা যন্ত্রের জন্ম হয়েছে, তাকেই মার্কসীয় রাষ্ট্রতত্ত্ব বলা হয়।
