ভূমিকা
জনপ্রশাসনের দুটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, তাই প্রশাসনিক কাঠামো বুঝতে হলে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য জানা অত্যন্ত জরুরি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ উভয়েই প্রশাসন পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এই দুটি নীতি পরস্পর বিপরীতমুখী। যেকোনো প্রশাসনে যখন ক্ষমতা ও কর্তৃত্ব একটি মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত থাকে, তখন তাকে কেন্দ্রীকরণ বলা হয়। অপরদিকে প্রশাসনিক কর্তৃত্বকে কোনো একটি বিশেষ স্থানে বা কেন্দ্রে বন্দি বা সীমাবদ্ধ করে না রেখে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়ার নাম বিকেন্দ্রীকরণ।
কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য
কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে যেমন পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলি হলো—
১. ক্ষমতা ও কর্তৃত্বের বণ্টন
কেন্দ্রীকরণে ক্ষমতা ও কর্তৃত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত থাকার ফলে ঊর্ধ্বে ক্ষমতার চাপ ও নিম্নে ক্ষমতার অভাব দেখা যায়। কিন্তু বিকেন্দ্রীকরণে সব স্তরে ক্ষমতার বিভাজন থাকায় প্রতিটি স্তর নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারে।
২. সিদ্ধান্ত গ্রহণের গতি
কেন্দ্রীকরণে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকার কারণে জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। অন্যদিকে, বিকেন্দ্রীকরণে ক্ষমতার বিভাজন থাকায় জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। কেননা বিভিন্ন বিভাগের মতামত না নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।
৩. প্রশাসনিক জটিলতা
কেন্দ্রীকরণের ফলে কোনো প্রকার প্রশাসনিক জটিলতা থাকে না। অপরদিকে, বিকেন্দ্রীকরণে প্রশাসন অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকার কারণে বিভিন্ন অংশ বা বিভাগের মধ্যে সংঘাত বা বিরোধ দেখা দিতে পারে।
৪. সমরূপতা নীতি
প্রশাসনিক কেন্দ্রীকরণ ঘটলে দেশের সমস্ত অংশের প্রশাসন ব্যবস্থার মধ্যে সমরূপতা আনা সম্ভব। অপরদিকে, বিকেন্দ্রীকরণের ফলে প্রত্যেকটি আঞ্চলিক স্তরগুলির স্থানীয় সমস্যা বিভিন্ন হওয়ায় এক্ষেত্রে সমরূপতা নীতি কার্যকর হতে পারে না।
৫. প্রশাসনিক ব্যয়
কেন্দ্রীকরণে প্রশাসনিক কাজে কম সংখ্যক সদস্য কাজে নিয়োজিত থাকে বলে এটি ব্যয়বহুল নয়। অন্যদিকে, বিকেন্দ্রীকরণের ফলে প্রতিটি স্তরের কর্মীদের ব্যয়ভার বহন করার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়।
৬. স্বৈরাচারিতার সম্ভাবনা
কেন্দ্রীকরণে ক্ষমতা ও কর্তৃত্ব এক জায়গায় কেন্দ্রীভূত হওয়ায় প্রশাসকের স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা দেখা যায়। অপরদিকে, বিকেন্দ্রীকরণে ক্ষমতার বিভাজন থাকায় এরূপ সমস্যা দেখা যায় না।
৭. শাসনব্যবস্থার ধরন
কেন্দ্রীকরণ সাধারণত এককেন্দ্রিক শাসনব্যবস্থায় দেখা যায়। অন্যদিকে, বিকেন্দ্রীকরণ হলো যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য।
উপসংহার
পরিশেষে বলা যায়, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ পরস্পর বিপরীতমুখী হওয়ায় কোনো সংগঠনে কী মাত্রায় কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ প্রয়োজন, সে সম্পর্কে সঠিকভাবে বলা যায় না। এটা নির্ভর করে কাজের চাপ, পরিস্থিতি ইত্যাদির ওপর। এছাড়াও সংগঠন পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে তার ওপর নির্ভর করে সংগঠনটি কেন্দ্রীকরণ নাকি বিকেন্দ্রীকরণের পথে যাবে। কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ তখনই গ্রহণীয় হবে যখন কেন্দ্রীভূত বা বিকেন্দ্রীভূত সংগঠনটি তার লক্ষ্য সফলভাবে রূপায়ণ করতে পারে।
