Table of Contents
Table of Contents
ভূমিকা:–
রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য ক্ষেত্র হল রাজনৈতিক তত্ত্ব (Political Theory) ।রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্র ও সরকারের তত্ত্ব সম্পর্কে তত্বগত আলোচনা করে । সাধারণভাবে বলা হয় যে ,বিজ্ঞানসম্মত জ্ঞান তত্বগত হয়ে থাকে । তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের স্বার্থে একটি তাত্ত্বিক কাঠামো গঠন করা একান্তভাবে অপরিহার্য ।মূলত একটি সুসংবদ্ধ তাত্ত্বিক কাঠামোর ওপর দাঁড়িয়েই রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং আদর্শ শাসনব্যবস্থা সম্পর্কে তাঁদের গভীর চিন্তাভাবনা ও দর্শন ব্যক্ত করেন। তাই রাষ্ট্রনৈতিক জীবনের প্রকৃত স্বরূপ অনুধাবনের ক্ষেত্রে এই তত্ত্বের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক তত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ:–
রাজনৈতিক তত্ত্ব শব্দ দুটি শব্দের সমন্বয়ে গঠিত রাজনৈতিক (Political) ও তত্ত্ব (Theory) ।এই ইংরেজি ‘Political’ শব্দটি গ্রিক শব্দ ‘Polis’ থেকে এসেছে। যার অর্থ নগররাষ্ট্র । তৎকালীন গ্রিসে রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিকদের ক্রিয়া-কলাপকে রাজনীতি বলে আখ্যা দিতেন ।
অন্যদিকে ইংরেজি ‘Theory’ শব্দটি গ্রীক শব্দ ‘Theoria’ শব্দ থেকে উদ্ভূত ।আক্ষরিক অর্থে ‘Theory’ বলতে ‘দর্শন’ অর্থাৎ দৃষ্টিপাত(beholding) অথবা উপলব্ধিকে বোঝায় । তত্ত্ব বলতে সুসংবদ্ধ জ্ঞানকে বোঝায় ।সাধারণভাবে “তত্ত্ব ” বলতে কতকগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপকে বোঝায় ।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ,রাজনৈতিক তত্ত্ব বলতে রাজনৈতিক বিষয়ে কতগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপকে বোঝায় । অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব বলতে রাষ্ট্রনৈতিক বিষয় সম্পর্কিত বিভিন্ন ধারণা বা সমস্যা সম্পর্কে কিছু নির্দিষ্ট তাত্ত্বিক ব্যাখ্যা ।
রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা :–
রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন । সংজ্ঞা গুলি নিম্নে আলোচনা করা হল—
জে .সি .ফিল্ড
জে .সি .ফিল্ড (J.C.Field ) মতে ,রাজনীতি বিষয়ক সংক্ষিপ্ত সঙ্গতিপূর্ণ ও তাত্ত্বিক আলোচনাকে রাজনৈতিক তত্ত্ব বলে ।
ব্রিয়ান ব্যারি
ব্রিয়ান ব্যারি (Brian Barry )এর মতে ,রাজনৈতিক তত্ত্ব নীতি ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা (The study of the relationship between principles and institution ) ।
জর্জ স্যাবাইন
অধ্যাপক জর্জ স্যাবাইন মতে ,গোষ্ঠী জীবন এবং সংগঠনের সমস্যা সম্পর্কে সচেতন অনুধাবনই হল রাজনৈতিক তত্ত্ব ।
ডেভিড ইস্টন
ডেভিড ইস্টনের মতে, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত আলোচনাই হল রাজনৈতিক তত্ত্ব ।
রাজনৈতিক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যসমূহ
রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হল —
1. রাষ্ট্র ও সরকারের আলোচনা
রাজনৈতিক তত্ত্বের একটি অন্যতম বৈশিষ্ট্য হল রাষ্ট্র ও সরকারের আলোচনা । রাষ্ট্রকে কেন্দ্র করেই মানুষের রাজনৈতিক জীবন আবর্তিত হয় এবং ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে ও নিরাপদ সমাজ জীবন প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্র ও সরকারের উৎস প্রকৃতি ও কার্যাবলী আলোচনা করে ।সরকারের মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছার বহি:প্রকাশ হয় ।
2. রাজনৈতিক মতাদর্শ আলোচনা
রাজনৈতিক তত্ত্বের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রাজনৈতিক মতাদর্শ গুলো আলোচনা । যেমন– উদারনীতিবিদ , গান্ধীবাদ ,নারীবাদ ,মার্কসবাদ ইত্যাদি । এই মতাদর্শগুলি সংবিধান রচনা ,সরকার গঠন ও সমাজ জীবন নিরাপদ করতে সহায়তা করে ।
3. রাজনৈতিক নীতির ধারণা ও সংজ্ঞা সমূহের আলোচনা
রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক শব্দ ,ধারণা, সংজ্ঞা প্রভৃতির আলোচনা ও ব্যাখ্যা প্রদান করে । এটি স্বাধীনতা ,সমতা ,ন্যায়, গণতন্ত্র প্রভৃতি রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা ,অর্থ ও ব্যাখ্যা প্রদান করে ।
4. বিরোধ ও বিরোধ মীমাংসা সম্পর্কে আলোচনা
রাজনৈতিক তত্ত্ব বিরোধ ও বিরোধ মীমাংসা নিয়ে আলোচনা করে । রাষ্ট্রের অভ্যন্তরে মানুষের চিন্তাধারা ,অনুভূতি ও স্বার্থ সম্পর্কিত নানা প্রকার বিরোধ ও বিরোধের কারণ এবং এর সমাধান সূত্র বের করার জন্য আলোচনা করে ।
5.অন্তর্জাতিক বিষয়ের আলোচনা
রাজনৈতিক তত্ত্বের একটি অন্যতম বৈশিষ্ট্য হল আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ক আলোচনা ।আন্তর্জাতিক ঘটনা প্রবাহ জাতীয় জীবনের উপর প্রভাব বিস্তার করেছে এবং রাজনৈতিক তত্ত্ব এই আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে আলোচনা করতে বাধ্য হচ্ছে ।
6. অভিজ্ঞতাবাদী ও নীতি-নিষ্ঠ
রাজনৈতিক তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ,এ একই সঙ্গে অভিজ্ঞতাবাদী এবং নীতিবিষ্ট । কারণ রাজনৈতিক তত্ত্বে রাজনৈতিক ব্যবস্থার বাস্তব কার্যক্রমের দিকটিকেই পর্যালোচনা করা হয় না । রাজনৈতিক জীবন কিভাবে উন্নত করা যায় এবং এগুলির আদর্শ ,রূপ কেমন হওয়া উচিৎ- এ বিষয়ে পর্যালোচনা করা হয় ।
উপসংহার
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষণে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব অপরিসীম । কারণ বর্তমানে রাষ্ট্রতত্ত্ব রাজনীতির সাথে জড়িত বিভিন্ন বিষয় বা সমস্যার বৈজ্ঞানিক অনুশীলন ও বিশ্লেষণ করে । রাজনৈতিক জীবন ও রাজনৈতিক ব্যবস্থার সম্যক ব্যাখ্যা ও উপলব্ধির জন্য রাষ্ট্রতত্ত্ব ঐ বিষয়ক প্রয়োজনীয় তথ্যগুলিকে সুসংবদ্ধ করে , সুবিন্যস্ত করে এবং বিভিন্ন তথ্যের সম্পর্ক অনুধাবন করে । বলা প্রয়োজন যে ,এরূপ করা না হলে শুধুমাত্র তথ্যের শুষ্ক সংকলনের সাহায্যে রাজনৈতিক জীবন ও রাজনৈতিক সুব্যবস্থার সম্যক ব্যাখ্যা ও উপলব্ধি সম্ভব নয় ।কাজেই রাষ্ট্রতত্ত্ব রাজনৈতিক জীবন ও রাজনৈতিক ব্যবস্থা বিষয়ক তথ্যগুলির ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা পালনের মাধ্যমে নিজের গুরুত্ব বা তাৎপর্য তুলে ধরে ।
