Table of Contents
Table of Contents
ভূমিকা:
রাষ্ট্রবিজ্ঞানের একটি কেন্দ্রীয় বিষয় হল রাজনীতি। রাজনীতি হলো একটি জটিল ও ব্যাপক ধারণা। ফলে সহজে ও সর্বসম্মতভাবে রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি (meaning, nature of Politics) নির্ধারণ সম্ভব নয়।
‘রাজনীতির’ ইংরেজি প্রতিশব্দ হলো ‘Politics’ । এই ‘Politics’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Polis’ থেকে যার আক্ষরিক অর্থ হল ‘City State’ অর্থাৎ ‘নগররাষ্ট্র ‘। রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিকদের ক্রিয়াকলাপকে প্রাচীন দার্শনিকগন রাজনীতি বলে আখ্যা দিতেন
রাজনীতির সংজ্ঞা:–
রাজনীতির কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই । বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন । এগুলি নিম্ন আলোচনা করা হল—
অ্যালান বল(Alan Ball) এর মতে,
“রাজনীতি হলো ক্রিয়াকলাপ যা সমাজের যে কোন স্তরেই সংঘটিত হয়ে হতে পারে”। রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে তিনি মূলত বিরোধ ও তার নিষ্পত্তিকে বুঝিয়েছেন ।
ডেভিড ইস্টনের মতে ,
” রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বসম্পন্ন বন্টনের পাঠ । (The study of authoritative allocation of values)
লেনিন এর মতে,
“রাজনীতি হলো “অর্থনীতির ঘনীভূত প্রকাশ’’ (Concentrated expression of economics) ।
অধ্যাপক লাসওয়েল (Lasswell) এর মতে,
“রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা ” (The study of politics is the study of influence and their influential) ।
রাজনীতির প্রকৃতি: –
রাজনীতির সংজ্ঞা বিচার বিশ্লেষণ করলে রাজনীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যায় । এগুলি হল নিম্নরূপ—
ব্যাপক পরিধি:–
রাজনীতি ব্যাপক পরিধি সম্পন্ন ।রাজনীতি বর্তমানে দিনে রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সমূহের মধ্যে অনুষ্ঠানিক কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ নেই । রাজনীতি সামাজিক ক্রিয়াকলাপ গুলোকেও অনুশীলন করে ।
সুনির্দিষ্ট সংজ্ঞার অভাব :–
রাজনীতির কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই । বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাজনীতিকে ব্যাখ্যা করেছেন । যেমন –ডেভিড ইস্টনের মতে , “রাজনীতি হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের পাঠ “ । অন্যদিকে চার্লস মেরিয়াম রাজনীতিকে “ক্ষমতার বিজ্ঞান” হিসেবে সংজ্ঞায়িত করেছেন ।
সরকার ও প্রশাসন পরিচালনার মাধ্যম :–
রাজনীতি হলো সরকার ও প্রশাসন পরিচালনার মাধ্যম । এই ধারণা প্রাচীন গ্রীস থেকে উদ্ভূত ।সুতরাং রাজনীতি কথাটির সঙ্গে রাষ্ট্রের ধারণা জড়িত ছিল । রাষ্ট্র ও রাষ্ট্রের সভ্য নাগরিকদের ক্রিয়াকলাপকে প্রাচীন গ্রিসের দার্শনিকগণ রাজনীতি বলে আখ্যা দিতেন । যেমন– আইন বিভাগ ,ক্যাবিনেট , সরকারী সংস্থায় ইত্যাদি ।
বিরোধ ও বিরোধ সমাধানের মাধ্যম :–
রাজনীতি বিরোধ ও বিরোধ সমাধানের মাধ্যম । কারণ রাজনীতিতে অন্তর্নিহিত স্বার্থের দ্বন্দ্ব ,বিভিন্ন মতাদর্শ , প্রতিযোগিতা লক্ষ্য করা যায় ।কিন্তু রাজনীতি এই সমস্ত দ্বন্দ্ব ,প্রতিযোগিতা সমস্যার সমাধানের জন্য সহযোগিতা ও আলোচনা করে ।
রাজনীতি হল ক্ষমতাকেন্দ্রীক:–
রাজনীতির মূল বিষয় হল ক্ষমতা। ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয় । এই ক্ষমতা হল বৈধ ক্ষমতা, যেখানে জনগণের ও সংবিধানের সম্মতি থাকে । এই ক্ষমতার মাধ্যমেই জনগণের সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মসূচি গৃহীত হয় ।
সর্বজনীন ধারণা:–
রাজনীতি হল একটি সার্বজনীন ধারণা । কারণ রাজনীতি সমাজের প্রতিটি স্তরেই প্রযুক্ত হয়। যেখানেই মানব সমাজের অস্তিত্ব লক্ষ্য করা যায় সেখানেই রাজনীতির অস্তিত্ব লক্ষ্য করা যায় ।
জনগণের বিষয়দির সাথে সম্পর্কিত:–
রাজনীতি জনগণের বিষয়াদির সাথে সম্পর্কিত । জনগণের নীতি প্রণয়নের ও বাস্তবায়নে রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যেমন– অর্থনীতি ,শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ।
গতিশীলতা:–
রাজনীতি একটি গতিশীল ধারণা । সমাজের পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করে চলে বলে রাজনীতি কোন এক জায়গায় স্থির হয়ে বসে নেই অর্থাৎ রাজনীতি স্থিতিশীল ধারণা নয় ,বরং একটি গতিশীল ধারণা ।
কর্তৃত্ব ও প্রভাবের সাথে জড়িত:–
রাজনীতির আর একটি বৈশিষ্ট্য হল যে , কর্তৃত্ব ও প্রভাবের সাথে জড়িত । বস্তুত কর্তৃত্বের সাথে সংশ্লিষ্ট রাজনীতির দ্বারা অন্যের আনুগত্য পাওয়া যায় এবং প্রভাবের সাথে সংশ্লিষ্ট রাজনীতির দ্বারা অন্যের কাজ ,আচরণ ও দৃষ্টিভঙ্গিকে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে পরিচালিত করা যায় ।
উপসংহার:–
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ,বর্তমান দিনে মানুষের জীবন ও মনুষ্য সমাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি। রাজনীতিকে কেন্দ্র করেই মানুষের সামগ্রিক জীবনের রথচক্র আবর্তিত হয় । আধুনিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বৈষয়িক ও সাংস্কৃতিক জীবনের ওপর রাজনীতির ক্রমবর্ধমান ভূমিকা ।আর্থিক বিষয়ের পরিচালনা , বৈষয়িক দ্রব্যের বন্টন, মতাদর্শ ,সংস্কৃতি ,নৈতিকতা , পরিবার, জীবনযাত্রার ধরন প্রভৃতি সমাজের সবকিছুই রাজনীতির দ্বারা প্রভাবিত হয় । তাই রাজনীতির প্রকৃতি যথাযথভাবে অনুধাবন করতে না পারলে কারও পক্ষে সমাজ জীবন কিংবা রাষ্ট্র ও অতিরাষ্ট্রীয় সংগঠনসমূহ সম্পর্কে সঠিকভাবে জ্ঞানলাভ করা সম্ভব নয় ।
Frequently Ask Questions
রাজনীতি (Politics) শব্দটির উৎপত্তি কোথায়?
রাজনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘Politics’ এসেছে গ্রিক শব্দ ‘Polis’ থেকে, যার আক্ষরিক অর্থ হলো ‘নগররাষ্ট্র’ বা ‘City State’।
রাজনীতিকে কেন গতিশীল বলা হয়?
সমাজ সবসময় পরিবর্তনশীল। সমাজের এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে রাজনীতির ধরন ও ধারণাও বদলে যায়, তাই একে গতিশীল বলা হয়।
ডেভিড ইস্টনের মতে রাজনীতি কী?
ডেভিড ইস্টনের মতে ,” রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বসম্পন্ন বন্টনের পাঠ । (The study of authoritative allocation of values)”
